গ্যাসোলিন রপ্তানি স্থগিত করলো রাশিয়া, ১ এপ্রিল থেকে কার্যকর
ছবি: সংগৃহীত
০৮:৩৫ পিএম | ২৯ মার্চ, ২০২৬
দেশীয় চাহিদা মেটাতে গ্যাসোলিন রপ্তানি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। আগামী ১ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
রুশ উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানিয়েছেন, জ্বালানির বৈশ্বিক বাজারে অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরকারি বিবৃতিতে বলা হয়, ১ এপ্রিল থেকে গ্যাসোলিন রপ্তানি নিষিদ্ধ করতে আইন প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে জ্বালানি মন্ত্রণালয়কে। এই নিষেধাজ্ঞা চলবে জুলাইয়ের শেষ পর্যন্ত।
মধ্যপ্রাচ্যের সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের ওঠানামা হচ্ছে। একই সঙ্গে ইউক্রেনের হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন ও রপ্তানি সক্ষমতাও কমে গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের ড্রোন হামলা, পাইপলাইন ক্ষতি এবং ট্যাংকার জব্দের ঘটনায় রাশিয়ার প্রায় ৪০ শতাংশ তেল রপ্তানি সক্ষমতা বন্ধ হয়ে গেছে। সম্প্রতি সারাতোভ ও কিরিশি, এই দুই বড় তেল শোধনাগারেও উৎপাদন ব্যাহত হয়েছে। এতে জ্বালানি সরবরাহে চাপ আরও বেড়েছে।
এর আগে ২০২৫ সালেও জ্বালানি সংকট মোকাবেলায় সাময়িকভাবে রপ্তানি নিষেধাজ্ঞা দিয়েছিল রাশিয়া। এবারও একই কারণে নতুন করে এই সিদ্ধান্ত নেওয়া হলো।
আইকে/টিএ