কুষ্টিয়ায় ডেকে নিয়ে আওয়ামী লীগ নেতাকে গুলি
ছবি: সংগৃহীত
১০:১৫ এএম | ৩০ মার্চ, ২০২৬
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজমকে গুলি করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের সদরপুর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে তিন রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগজিন জব্দ করেছে।
শফিকুল ইসলাম আজম আমলা ইউনিয়নের বিল আমলা এলাকার মৃত আবুল মন্ডলের ছেলে। তিনি আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। স্থানীয়ভাবে তিনি তামাক ব্যবসার সঙ্গে জড়িত।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সন্ধ্যা ৭টার দিকে শফিকুল ইসলাম সদরপুর বাজারে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এ সময় কয়েকজন তাকে প্রতিষ্ঠান থেকে বাইরে ডেকে নেন। বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে তার শরীরের বিভিন্নস্থানে তিনি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া আড়াই’শ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, ডান চোখ, বাম চোয়াল ও উপর পেটে গুলি করা হয়েছে। ধারণা করা হচ্ছে পেটে লাগা গুলি ভেতরের রক্তনালীকে ইনজুরড করেছে। যার কারণে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। অবস্থা আশঙ্কাজনক। তাকে রাজশাহীতে রেফার্ড করা হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কারণ উদঘাটনে কাজ চলছে।
এমআর/টিএ