© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিজেপিকে ভোট দিলে আর মাছ-মাংস খেতে পারবেন না: মমতা

শেয়ার করুন:
বিজেপিকে ভোট দিলে আর মাছ-মাংস খেতে পারবেন না: মমতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৬ পিএম | ৩০ মার্চ, ২০২৬
বাঙালির পাতে মাছ কিংবা মাংস থাকবে না এমনটা দুঃস্বপ্নেও ভাবতে পারে না মাছে-ভাতে অভ্যস্ত এই জাতি। কিন্তু বিধানসভা ভোটের আবহে সেই চিরচেনা 'আমিষ-তত্ত্ব' নিয়েই এবার সরগরম হয়ে উঠল বাংলার রাজনীতি।

আজ (৩০ মার্চ) সোমবার এক নির্বাচনী জনসভা থেকে এই ইস্যুতেই গেরুয়া শিবিরকে কড়া ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বিজেপি জয়ী হলে বাঙালির মাছ-মাংস খাওয়ার ওপর সরাসরি কোপ পড়বে।

এদিনের জনসভা থেকে বিজেপিকে 'লুটেরার দল' হিসেবে অভিহিত করে মুখ্যমন্ত্রী বলেন, "করছে লুট, বলছে ঝুট। দেশটাকে বিজেপি যেভাবে চালাচ্ছে, দু'মাসের মধ্যে ওদের দিল্লি ছেড়ে পালাতে হবে।" কেন্দ্রীয় বঞ্চনা ও এসআইআর ইস্যুতে সুর চড়ানোর পাশাপাশি তিনি ভোটারদের সতর্ক করে দিয়ে জানান, বিজেপি আসলে বাংলার খাওয়া-পরা বন্ধ করার দল। ভবিষ্যতে আমিষ আহার বজায় রাখতে চাইলে তৃণমূলকেই বেছে নেওয়ার ডাক দেন তিনি। জনসভায় মমতার হুঁশিয়ারি, "কেউ যদি ওদের টাকা নিয়ে ভোট দেন, তবে ভবিষ্যতে আর মাছ-মাংস খেতে পারবেন না!"

তৃণমূল নেত্রীর এই আক্রমণের নেপথ্যে উঠে আসছে এনডিএ শাসিত বিহার সরকারের সাম্প্রতিক এক নির্দেশিকা। জনস্বাস্থ্য রক্ষা ও 'শিশুদের উগ্র মানসিকতা' কমানোর যুক্তি দেখিয়ে সেখানে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে আমিষ পসরা সাজানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জোড়ফুল শিবিরের দাবি, এই 'বিহার মডেল' আসলে বাঙালির চিরকালীন খাদ্যাভ্যাস ও অস্মিতার ওপর এক বড়সড় আঘাত। আর সেই আশঙ্কাকে হাতিয়ার করেই এবার নির্বাচনী ময়দানে বিজেপি বিরোধী প্রচারকে তুঙ্গে নিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আইকে/টিএ

মন্তব্য করুন