নিজ দেশের অস্থিরতার দিকে নজর দিন: মাসুদ পেজেশকিয়ান
ছবি: সংগৃহীত
০৮:৫৮ পিএম | ৩০ মার্চ, ২০২৬
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেছেন, দেশটির প্রশাসনের উচিত নিজেদের ভেতরের অস্থিরতার দিকে বেশি মনোযোগ দেওয়া। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ বাড়ছে, বিশেষ করে ইসরাইলপন্থী নীতির কারণে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ জমছে।
রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান ‘নো কিংস’ নামের সাম্প্রতিক বিক্ষোভের প্রসঙ্গ তোলেন। তার মতে, এই আন্দোলন প্রমাণ করে যে মার্কিন জনগণের একটি অংশ দেশের নীতিনির্ধারণে বিদেশি প্রভাব নিয়ে হতাশ ও ক্ষুব্ধ।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞদের উচিত ট্রাম্পকে জানানো যে, অনেক মার্কিন নাগরিক ইসরাইলকে অগ্রাধিকার দেওয়ার নীতির বিরোধিতা করছে এবং এ কারণে তারা প্রতিবাদে নেমেছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালায়। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বেসামরিক মানুষ নিহত হন। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এক মাসেরও অধিক সময় ধরে এই সংঘাত চলমান।
এদিকে পাকিস্তান, তুরস্ক, মিশর ও সৌদি আরব পরিস্থিতি শান্ত করতে উভয় পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার অভাবের কারণে ইরান এখনো আলোচনায় বসতে অনাগ্রহী।
সূত্র: তাসনিম নিউজ