বাংলাদেশিসহ ১৩ পর্যটককে মাঝ-সমুদ্র থেকে উদ্ধার করল মালয়েশিয়ার বাহিনী
ছবি: সংগৃহীত
০৯:২৪ পিএম | ৩০ মার্চ, ২০২৬
দক্ষিণ চীন সাগরে অবস্থিত মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যের কুয়ালা বেসুত উপকূলে ইঞ্জিন বিকল হয়ে মাঝ-সমুদ্রে আটকা পড়া বাংলাদেশিসহ ১৩ জন পর্যটককে উদ্ধার করেছে মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি।
সোমবার (৩০ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানান তেরেঙ্গানু রাজ্যের মেরিটাইম ডিরেক্টর ক্যাপ্টেন হামিলুদিন চে আওয়াং।
বিবৃতিতে বলা হয়, ২৯ মার্চ বিকেলে নিয়মিত টহল দেয়ার সময় ‘পারকাসা ৪৮’ নামক একটি টহল বোট পর্যটকবাহী বোটটিকে উত্তাল সমুদ্রে ভাসতে দেখে এগিয়ে যায়। এরপর কুয়ালা বেসুত মোহনা থেকে প্রায় ৭ দশমিক ৩ নটিক্যাল মাইল দূরে পর্যটকদের সাহায্যের জন্য হাত নাড়তে দেখে মেরিটাইম সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।
উদ্ধার পর্যটকদের মধ্যে একজন মালয়েশীয় এবং ১২ জন বিদেশি নাগরিক রয়েছেন। বিদেশি পর্যটকদের মধ্যে একজন বাংলাদেশি, চারজন চীনের, তিনজন ফ্রান্সের, দুইজন যুক্তরাজ্যের এবং দুইজন সিঙ্গাপুরের নাগরিক বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
যান্ত্রিক ত্রুটির কারণে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ-সমুদ্রে দুলতে থাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে মেরিটাইম মালয়েশিয়ার সদস্যরা অত্যন্ত সতর্কতার সঙ্গে সব যাত্রীকে তাদের টহল বোটে স্থানান্তর করেন এবং কোনো ধরনের আঘাত ছাড়াই নিরাপদে জেটি জাবাতান লাউত বেসুতে পৌঁছে দেন।
এই ঘটনার প্রেক্ষিতে মেরিটাইম মালয়েশিয়া সকল বোট অপারেটরদের সমুদ্রযাত্রার আগে ইঞ্জিন এবং নিরাপত্তা সরঞ্জামগুলোর যথাযথ মান নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশ দিয়েছে।
এবি/টিএ
এবি/টিএ