শহীদ মিনারে মেয়েদের ব্যবহৃত আপত্তিকর জিনিস রেখে ছবি তুলে ফেসবুকে
ছবি: সংগৃহীত
০২:৫১ এএম | ৩১ মার্চ, ২০২৬
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা বালিকা বিদ্যালয়ের শহীদ মিনারে মেয়েদের আপত্তিকর জিনিস রেখে ছবি তুলে ফেসবুকে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেওয়া বিভিন্ন ছবির স্ক্রিনশট সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়।
দুপুরে দর্শনা বালিকা বিদ্যালয়ের ভিতর শহীদ মিনারের উপর মেয়েদের আপত্তিকর জিনিস রাখার ঘটনা জানতে পারে বিদ্যালয় কর্তৃপক্ষ। জানতে পেয়ে সোমবার দুপুরে এ ঘটনায় দর্শনা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির দর্শনা থানা পুলিশকে অবহিত করেছেন।
এ বিষয়ে দর্শনা বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির বলেন, দর্শনা বালিকা বিদ্যালয় গ্রীষ্মকালীন প্রতিনিয়ত ছুটি হয় দুপুর ২টায়। স্কুল ছুটির পর আমরা সব গেট তালা দিয়ে চলে আসি। বিকালের দিকে কে বা কারা অবৈধভাবে স্কুল ভবনের ভিতরে প্রবেশ করতে পারে। তারা শহীদ মিনারে মেয়েদের ব্যবহৃত আপত্তিকর কিছু জিনিস রেখে ছবি তুলে ফেসবুকে দেওয়ার তথ্য আমরা পাই। তথ্য পাওয়ার পর দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসানের সঙ্গে দেখা করি।
তিনি আরও বলেন, স্কুল বন্ধ বা ছুটি হওয়ার পর বেশ কিছু বহিরাগত যুবক প্রবেশ করে বলে আমরা ধারণা করছি। তারা ইতোপূর্বে বিদ্যালয়ে ভবনে ঢুকে বিভিন্ন দেওয়ালে আজেবাজে কথা লিখে রাখে। যেটি বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের জন্য অগ্রহণযোগ্য ভাষা। এসব ভাষা আমরা মাঝেমধ্যে মুছে দিয়েছি; কিন্তু এবারের ঘটনাটি আমাদের বিস্ময়কর করে তুলেছে। শহীদ মিনারের অবমাননাসহ মেয়েদের অবমাননা করা হচ্ছে। এজন্য প্রশাসনের কাছে আইনের সহযোগিতা কামনা করছি।
এ বিষয়ে দর্শনা থানার ওসি মেহেদী হাসান বলেন, এ ঘটনায় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে বিষয়টা জানিয়েছেন। একটি লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে অভিযুক্তদের আইডেন্টিফাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
টিজে/টিএ