গাজীপুরে তিন দিনে হাসপাতালে ভর্তি হামে আক্রান্ত ২২ শিশু
ছবি: সংগৃহীত
০২:১৮ পিএম | ৩১ মার্চ, ২০২৬
গাজীপুরে শিশুদের মাঝে হামের প্রকোপ দেখা দিয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে জেলার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ২২ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে তাদের হাসপাতালে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।
হাসপাতালের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, গত তিন দিনে ওই ২২ শিশু হাসপাতালের ১০ তলার শিশু ওয়ার্ডে ভর্তি হয়। হামে আক্রান্ত এসব শিশু জেলার বিভিন্ন এলাকা থেকে এসেছে। তবে তাদের মধ্যে অধিকাংশই গাজীপুর মহানগরীর বাসিন্দা।
জানা গেছে, গত শনিবার (২৮ মার্চ) ৬ জন, রোববার (২৯ মার্চ) ৭ জন এবং সোমবার (৩০ মার্চ) ৯ জন শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছে।
এ বিষয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম বলেন, ‘হামে আক্রান্ত হয়ে গত তিন দিনে ২২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।’
হাম থেকে সুরক্ষার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, 'শিশুরা যেন কোনোভাবেই অপুষ্টিতে না ভোগে সেদিকে খেয়াল রাখতে হবে। একই সঙ্গে সুস্থ শিশুদের হামে আক্রান্ত রোগীদের থেকে আলাদা রাখতে হবে।'
এবি/টিএ