© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৮ পিএম | ৩১ মার্চ, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় একটি প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার শশই এলাকায় শশই মধ্যপাড়া ও শশই কোনার বাড়ি দলের মধ্যে খেলার আয়োজন করা হয়। খেলার প্রথমার্ধে শশই মধ্যপাড়া দল একটি গোল করে এগিয়ে যায়। খেলা শেষ হওয়ার মাত্র তিন মিনিট আগে আরেকটি গোলকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। এ সময় শশই মধ্যপাড়া দলের গোলরক্ষক হাতে আঘাত পান। পরে তাকে মাঠের বাইরে নেওয়ার চেষ্টা করা হলে খেলার উদ্যোক্তা, সৌদি প্রবাসী ইব্রাহিম মাঠে নেমে বাধা দেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে একপর্যায়ে চেয়ার ও মাঠের খুঁটি দিয়ে মারামারিতে রূপ নেয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যখন বিজয়ী দলের গরু ছাগল নিয়েও টানাটানি শুরু হয়। পরবর্তীতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে শশই মধ্যপাড়া ও শশই কোনার বাড়ি এলাকার লোকজনের মধ্যে।

ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাখাওয়াত হোসেন জানান, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক পাওয়া যায়। স্থানীয় মাতবরদের উদ্যোগে দুই পক্ষকে শান্ত করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি এবং কেউ লিখিত অভিযোগও দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।

এবি/টিএ

মন্তব্য করুন