চলতি বছরে ফ্যামিলি কার্ড পাবে ৩০ হাজার পরিবার : প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৫:৩০ পিএম | ০১ এপ্রিল, ২০২৬
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মধ্য দিয়ে দেশের অর্থনীতি আরো সচল হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, চলতি অর্থবছরের বাকি তিন মাসে আরো ৩০ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড কর্মসূচি আওতায় আনা হবে।
বুধবার (১ এপ্রিল) সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এই প্রথম প্রশ্নোত্তরে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন। বিএনপিদলীয় সংসদসদস্য এ বি এম মোশাররফ হোসেনের (পটুয়াখালী-৪) প্রশ্নের জবাবে জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি।
প্রধানমন্ত্রী আরো জানান, গত ১০ মার্চ দেশের ১৩টি জেলার ৩টি সিটি করপোরেশন/ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রাথমিকভাবে ৩৭ হাজার ৮১৪টি নারীপ্রধান পরিবারকে ভাতা প্রদান করা হয়েছে। চলতি অর্থবছরের বাকি তিন মাসে আরো ৩০ হাজার পরিবারকে এ কর্মসূচি আওতায় আনা হবে। আগামী চার বছরের মধ্যে ৪ কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।
ফ্যামিলি কার্ড পরিবারের সম্পদের ওপর নারীর নিয়ন্ত্রণ বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কার্ড পরিবারের নারীপ্রধানকে দেওয়া হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে এই সহায়তাটি যেমন সরাসরি পরিবারের সদস্যদের খাদ্য, পুষ্টি, জরুরি চিকিৎসা ও শিক্ষায় ব্যয় হবে, অন্যদিকে ফ্যামিলি কার্ডটি পরিবারে নারীপ্রধানের নামে হওয়ায় পরিবারের সম্পদের ওপর তার নিয়ন্ত্রণ বৃদ্ধির মাধ্যমে পরিবারে সিদ্ধান্ত প্রদান ও মর্যাদা বৃদ্ধি পাবে। পরিবার ও সমাজের ওপর নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে।
এবি/টিএ
এবি/টিএ