© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুশির খবরে গাছ লাগাতে দেশবাসীকে সেতুমন্ত্রীর আহ্বান

শেয়ার করুন:
খুশির খবরে  গাছ লাগাতে দেশবাসীকে সেতুমন্ত্রীর আহ্বান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৯ পিএম | ০১ এপ্রিল, ২০২৬
পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং টেকসই উন্নয়নের লক্ষ্য নিয়ে দেশব্যাপী বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি এই কর্মসূচিকে কেবল সরকারি কাজের মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যক্তি পর্যায়ের আন্দোলনে রূপ দেওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘একটি বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার।’ তিনি স্পষ্ট করেন যে বৃক্ষরোপণকে কোনো আনুষ্ঠানিক বা নিছক সামাজিক কর্মসূচি হিসেবে দেখলে চলবে না।

দেশের প্রতিটি মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা এবং সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ জনগণকে নিজ নিজ অবস্থান থেকে গাছের পরিচর্যার দায়িত্ব নিতে হবে। তিনি উদ্বোধনী অনুষ্ঠানকে কেবল একটি আনুষ্ঠানিকতা হিসেবে না দেখে আজ থেকেই বাস্তবভিত্তিক কাজ শুরু করার নির্দেশ দেন।

মন্ত্রী শেখ রবিউল আলম বৃক্ষরোপণের ক্ষেত্রে অপ্রয়োজনীয় জাঁকজমক ও অপচয় পরিহার করার পরামর্শ দিয়েছেন। তিনি সাশ্রয়ী, অনাড়ম্বর এবং ‘কার্যক্রমবান্ধব’ পদ্ধতির ওপর জোর দিয়ে বলেন, ‘যে এলাকায় যে গাছ ভালো জন্মে, সেখানে সেই প্রজাতির মানসম্মত চারা রোপণ করতে হবে।

শুধু গাছ রোপণ করলেই হবে না, বরং রোপণকৃত গাছের অন্তত ৮০-৮৫ শতাংশ যেন টিকে থাকে এবং পূর্ণতা পায়, তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও সুরক্ষার নির্দেশ দেন তিনি।
জনগণকে উৎসাহিত করতে মন্ত্রী এক চমৎকার প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, ‘পরিবারে নতুন সদস্যের আগমন বা যেকোনো খুশির সংবাদে যদি প্রতিটি পরিবার গাছ লাগানোর অভ্যাস করে, তবে দ্রুতই একটি সবুজ বাংলাদেশ গড়ে উঠবে।’

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি তাদের পরিবার ও আত্মীয়-স্বজনদের এই প্রক্রিয়ায় যুক্ত করার মাধ্যমে একটি ব্যাপক সামাজিক সচেতনতা তৈরির ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রাটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিবেশবান্ধব দেশ গড়ার অন্যতম পদক্ষেপ।’

সভাপতির বক্তব্যে সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক জানান, সময়ের সদ্ব্যবহার করতে এবার ১ এপ্রিল থেকেই দেশের ৬৪টি জেলায় একযোগে এ কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে এবং নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে এই ‘সবুজ অবকাঠামো’ উন্নয়ন কার্যক্রমকে সফল করা হবে।

আইকে/টিএ

মন্তব্য করুন