ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
ছবি: সংগৃহীত
১২:১৫ এএম | ০২ এপ্রিল, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় অবৈধভাবে মজুদ করা পাঁচ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পূর্বভাগ বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, পূর্বভাগ বাজারে অবস্থিত সেলিম এন্টারপ্রাইজে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করা হয়েছে—এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ।
এ সময় প্রতিষ্ঠানটিতে থাকা মো. ফয়সালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানটিতে থাকা মোট ২৬টি ড্রাম থেকে জ্বালানি তেল জব্দ করা হয়েছে। দোকান কর্তৃপক্ষের ভাষ্যমতে, ২৪টি ড্রামে ২০০ লিটার করে এবং বাকি দুইটি ড্রামে ১০০ লিটার করে তেল ছিল।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ জানান, ‘অবৈধ মজুদের অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা তেলের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসকে/টিএ