বৈধ কাগজপত্র ছাড়া নীলফামারীতে জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত
০৫:৩২ এএম | ০২ এপ্রিল, ২০২৬
নীলফামারীতে রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সনদ ও চালকের হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন।
বুধবার (১ এপ্রিল) রাতে নীলফামারী জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার সব ফিলিং স্টেশন এবং ডিলার পয়েন্ট বিকেল ৩ টা থেকে তেলের মজুত শেষ না হওয়া পর্যন্ত পেট্রোল ও অকটেন সরবরাহ করবে, প্রত্যেক ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, বাহিনীর উপস্থিতিতে জ্বালানি সরবরাহ কার্যক্রম পরিচালিত হবে।
আরও বলা হয়েছে, প্রতিটি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ পেট্রোল ও অকটেন ক্রেতাদের নাম, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, মোবাইল নম্বর ও মাইলের রিডিং একটি রেজিস্টারে আবশ্যিকভাবে লিপিবদ্ধ করবেন । হেলমেট, রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত কোন মোটরসাইকেল,যানবাহনে জ্বালানি তেল সরবরাহ করা হবে না। এরূপ একটি ব্যানার সব ফিলিং স্টেশনে সর্বসাধারণের জন্য প্রদর্শন করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো প্রকার ড্রাম, জারকিন, বোতল বা পাত্রে পেট্রোল ও অকটেন সরবরাহ করা হবে না। জ্বালানি তেল কোনোভাবেই মজুত করা যাবে না এবং খোলা বাজারে কোনোভাবেই জ্বালানি তেল বিক্রয় করা যাবে না। সকল ফিলিং স্টেশন, অনুমোদিত ডিলারগণ মজুত না করে যথাযথভাবে জ্বালানি তেল সরবরাহ করবেন এবং এ সংক্রান্ত তথ্য সরবরাহ করবেন।
এ বিষয়ে নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, কেউ জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসকে/টিএ