ব্যাংকিং ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ সহ্য করা হবে না: গভর্নর মোস্তাকুর রহমান
ছবি: সংগৃহীত
০৭:৪১ এএম | ০২ এপ্রিল, ২০২৬
ব্যাংকিং খাতে রাজনৈতিক প্রভাব বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে কোনোভাবেই ব্যাংকিং ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ সহ্য করা হবে না।
গতকাল বুধবার মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশের অর্থনীতিতে সৃষ্ট ও সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় জ্বালানি সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, নীতিসহায়তা এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়গুলো গুরুত্ব পায়।
মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে জ্বালানির দাম বৃদ্ধি এবং প্রবাসী আয়ের ওপর চাপ তৈরি হওয়ায় সরকার উদ্বেগে রয়েছে বলে উল্লেখ করেন গভর্নর। অর্থনীতিবিদদের সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এবার প্রথমবারের মতো ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসেন তিনি।
গভর্নর জানান, বৈদেশিক ঋণের সহায়তায় ব্যয় নির্বাহের পাশাপাশি ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা (সিএসএমই) খাতে কর্মসংস্থান বৃদ্ধি এবং রিজার্ভ স্থিতিশীল রেখে আমদানি চাপ সামাল দিতে কৃষি খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দীর্ঘ প্রায় দেড় ঘণ্টার আলোচনায় পাঁচটি ব্যাংক ও ১০টি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ দ্রুত ফেরত দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান গভর্নর।
কেএন/এসএন