মোটরসাইকেলের তেল নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় যুবক নিহত
ছবি: সংগৃহীত
০৩:২৬ এএম | ০৩ এপ্রিল, ২০২৬
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে মোটরসাইকেলের জন্য তেল আনতে বের হয়ে আর বাড়ি ফেরা হলো না মো. অন্তর (২০) নামের এক তরুণের। দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কে ট্রাকের চাপায় তার মৃত্যু হয়েছে। তার এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এনেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কের এনায়েতভূঞা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অন্তর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকের বাজার সংলগ্ন মিদ্দা বাড়ির একরামুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলমান পরিস্থিতির কারণে কোম্পানীগঞ্জের তেল দোকানগুলোতে অকটেন-পেট্রল সংকট চলছে। এজন্য বিকেলে অন্তর মোটরসাইকেলের জন্য তেল আনতে বাড়ি থেকে ফেনীর পাম্পের উদ্দেশে বের হন। তেল সংগ্রহ করে ফেরার পথে ফেনীর দাগনভুঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কের এনায়েতভূঞা এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। এসময় তার সঙ্গে থাকা অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।
চরকাঁকড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে। নিহতের স্বজনেরা দুর্ঘটনার সঠিক কারণ ও দ্রুত জড়িত যানবাহন শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে ফেনী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সাখায়েত হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হবে।
আরআই/টিকে