দুবাইয়ে ড্রোন ধ্বংসাবশেষে প্রবাসী নিহত, পরিবারের পাশে ইউএনও
ছবি: সংগৃহীত
০৩:৩৩ এএম | ০৩ এপ্রিল, ২০২৬
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষে নিহত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার প্রবাসী শাহ আলম ভূইয়ার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন হারানোর বেদনায় পরিবারজুড়ে চলছে আহাজারি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে নিহতের বাড়িতে যান ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এসময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান।
এর আগে বুধবার (১ এপ্রিল) ফুজাইরাহর আল-রিফা’আ এলাকার একটি কৃষি খামারে এ দুর্ঘটনা ঘটে। একটি অনুপ্রবেশকারী ড্রোনকে আমিরাতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করলে এর ধ্বংসাবশেষ খামারের ওপর পড়ে। এতে সেখানে কর্মরত বাংলাদেশি কৃষিশ্রমিক শাহ আলম ভূইয়া গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
শাহ আলম ভূইয়া (৫০) উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকার ইসমাইল ভূইয়া বাড়ির হানিফ ভূইয়ার মেজ ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সংযুক্ত আরব আমিরাতে কৃষিশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা যায়, তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। বাড়িতে চলছে শোকের মাতম, স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে পরিবেশ।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছি এবং প্রশাসনের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে।
তিনি জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু শুকনো খাবার দেওয়া হয়েছে এবং মরদেহ দেশে আনা ও সার্বিক সহযোগিতায় পরিবারটির পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
আরআই/টিকে