কুয়েতকে মানবিক সহায়তা প্রদানের প্রস্তাব বাংলাদেশের
ছবি: সংগৃহীত
০৭:৪৫ এএম | ০৩ এপ্রিল, ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েতকে প্রয়োজনবোধে মানবিক সহায়তা দিতে বাংলাদেশের প্রস্তুতির কথা জানিয়েছেন। একই সঙ্গে দেশটির প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছেন তিনি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী থানায়ুন আব্দুল ওয়াহাব হামাদাহ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন।
বৈঠকে প্রতিমন্ত্রী কুয়েতে বসবাসরত প্রায় তিন লাখ বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করায় কুয়েত সরকারকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রদূত যুদ্ধের প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের সংহতি প্রকাশ এবং দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ সহজতর করার উদ্যোগের প্রশংসা করেন।
প্রতিমন্ত্রী কূটনৈতিক উপায়ে শান্তিপূর্ণভাবে সংঘাত সমাধানের পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে উভয় পক্ষ জ্বালানি, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি ও হালাল খাদ্য খাতে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে। বাংলাদেশ কুয়েতি বিনিয়োগকারীদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাই-টেক পার্কে বিনিয়োগের সুযোগ অন্বেষণের আহ্বান জানায়।
কুয়েতি রাষ্ট্রদূত জাতিসংঘ ও ওআইসি-সহ বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে বাংলাদেশের সমর্থনের কথা স্বীকার করেন। প্রতিমন্ত্রী রোহিঙ্গা মানবিক সহায়তায় কুয়েতের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন।
উভয় পক্ষ উচ্চপর্যায়ের সফর বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পৃক্ততা জোরদারের গুরুত্বের ওপরও জোর দেন।
কেএন/এসএন