জ্বালানি সংকটে সরকার লুকোচুরি করছে : জামায়াত আমির
ছবি: সংগৃহীত
০৭:৩৪ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জ্বালানি তেলের সংকট নিয়ে সরকার লুকোচুরি করছে। সংসদে এমনভাবে বিবৃতি দেওয়া হচ্ছে যেন দেশে কোনো জ্বালানি সংকটই নেই, বরং উদ্বৃত্ত তেলে ভাসছে বাংলাদেশ। এটি লজ্জাজনক, অথচ বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। রাজধানীসহ বিভিন্ন এলাকায় পেট্রল পাম্পে কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে।
অনেক পাম্পে তেল পাওয়া যাচ্ছে না, আবার কোথাও কোথাও অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি হচ্ছে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার একটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার আয়োজনে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, সংকট যদি না-ই থাকে, তাহলে মানুষ কেন ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে বাধ্য হচ্ছে? তিনি অভিযোগ করেন, সরকার প্রকৃত পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরছে না এবং বিষয়টি নিয়ে লুকোচুরি করছে।
তিনি আরো বলেন, “বিএনপি বলেছে, ‘সবাইকে নিয়ে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ।’
তাহলে সবাইকে নিয়ে কেন বসা হচ্ছে না? ইতিমধ্যে ‘সবাইকে নিয়ে বাংলাদেশ’ আউট হয়ে যাচ্ছে।”
শফিকুর রহমান বলেন, সরকার জনগণের কাছে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে। নির্বাচনের আগের দিন পর্যন্ত গণভোট নিয়ে বিএনপি একমত ছিল। কিন্তু যখন দেখা গেল দুই-তৃতীয়াংশের বেশি সমর্থন পাওয়া গেছে, তখনই অবস্থান পরিবর্তন করা হয়।
“আমরা আমাদের অবস্থানে আছি। জাতিকে বলেছিলাম, প্রতিনিধিত্বের জন্য আমাদের ভোট দেবেন এবং রাষ্ট্র মেরামতের জন্য গণভোটে ‘হ্যাঁ’ দেবেন। জনগণ সেই রায় দিয়েছে, কিন্তু এখন তা মানা হচ্ছে না,”—বলেন তিনি।
তিনি আরো বলেন, জনগণের অভিপ্রায় অনুযায়ী একটি চূড়ান্ত সংবিধান প্রণয়ন করা উচিত। “জামায়াতে ইসলামী কাটাছেঁড়া সংবিধান চায় না।
আমরা দীর্ঘদিন জনগণের অধিকারের জন্য আন্দোলন করেছি, আবারও মাঠে নামব,”—যোগ করেন তিনি।
অনলাইনে ক্লাস চালুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, এতে শিক্ষার্থীদের পড়ালেখা ঝুঁকির মুখে পড়বে এবং মেধার অপমৃত্যু ঘটতে পারে। ছোট বয়সে দীর্ঘ সময় ডিভাইস ব্যবহারের ফলে তাদের মনোযোগ ও চিন্তাশক্তি ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ের কথা বলা হলেও বাস্তবে এতে আরো বেশি বিদ্যুৎ অপচয় হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার আমির মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি।
টিজে/টিকে