© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিক্ষক শিক্ষকতা করেন, আপনাদের রাজনীতি করার দরকার নেই : হুইপ নিজান

শেয়ার করুন:
শিক্ষক শিক্ষকতা করেন, আপনাদের রাজনীতি করার দরকার নেই : হুইপ নিজান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৩ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
শিক্ষকদের রাজনীতি ছেড়ে শিক্ষকতায় মনোযোগ দিতে বললেন জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান। তিনি বলেন, ‘আগে স্কুলে পড়ালেখা হয় নাই, এখনো হবে না- এটা হতে পারে না। আমাদের সরকার সব ধরনের সাহায্য করবে কিন্তু আপনারাও আপনাদের সার্ভিস দেবেন। শিক্ষক শিক্ষকতা করেন, আপনাদের রাজনীতি করার দরকার নেই। রাজনীতি ভোটের তিন মাস আগে কইরেন। আপাতত যার যার দায়িত্ব পালন করেন।’

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এটা মুখে বললে হবে না, সবাই মিলে কাজ করতে হবে। বাজারে লোক লাঠি নিয়ে দৌড়ালে আর মাদক থাকতে পারে না। স্কুলে স্কুলে বলতে হবে।’

হুইপ আরো বলেন, ‘সবচেয়ে কম রাজস্ব দিই আমরা, আমাদের দেশের মানুষ। গরিব লোকেরা রাজস্ব দেয়, বড়লোকেরা দেয় না। তারা খুব কম দেয়। কারণ বড়লোকতো ফাঁকিজুকি জানে, কিভাবে রাজস্ব-ট্যাক্স কম দিতে হয়।’

সম্মাননা পদক সরকারিভাবে দেওয়ার জন্য আয়োজকদের দাবির প্রেক্ষিতে তিনি আরো বলেন, ‘আমরা আমাদের ক্ষমতা অজান্তেই সরকারের কাছে দিয়ে দিই। আপনারা যেই কাজ করেছেন, তা যদি কাল ইউএনও সাহেব টেকওভার করেন, তখন কি আপনারা আপনাদের মতো করতে পারবেন, পারবেন না। আপনাদেরকে সহযোগিতা করতে পারে সরকার। যদি আমাদের হাতে তুলে দেন, তাহলে সরকারিকরণ হয়ে যাবে।’

সানরাইজ ক্লাবের সভাপতি ওসমান গনি বিপ্লবের সভাপতিত্বে ও চন্দ্রগঞ্জ কামিল মাদরাসার প্রভাষক আনোয়ার হোসাইনের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম, কমলনগর উপজেলা বিএনপি সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক দিদার হোসেন, উপজেলা জামায়াতের আমির আবুল খায়ের ও সেক্রেটারি আকরাম হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, সাইনরাইজ ক্লাবের উদ্যোগে কমলনগরে ৯ জন গুণী ব্যক্তিকে ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’, ছয়জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও ১৪ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার দেওয়া হয়েছে।

এমআর/টিকে   

মন্তব্য করুন