© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজনৈতিক দলের পক্ষে স্লোগান দেওয়া শিক্ষকদের কাজ নয়: ডেপুটি স্পিকার

শেয়ার করুন:
রাজনৈতিক দলের পক্ষে স্লোগান দেওয়া শিক্ষকদের কাজ নয়: ডেপুটি স্পিকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০০ এএম | ০৪ এপ্রিল, ২০২৬
শিক্ষকদের কোনো রাজনৈতিক দলের পক্ষে স্লোগান দেওয়া বা সক্রিয় রাজনীতিতে জড়ানো উচিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, শিক্ষকতা পেশায় থাকলে দলীয় রাজনীতিতে যুক্ত হওয়া অনুচিত, আর রাজনীতি করতে চাইলে আগে শিক্ষকতা ছেড়ে দিতে হবে।

শুক্রবার (৩ এপ্রিল) নেত্রকোনার কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর, যাদের হাতেই তৈরি হয় ভবিষ্যতের রাষ্ট্রনায়ক ও প্রশাসক। কিন্তু গত দুই দশকে শিক্ষক সমাজের একটি অংশ সরাসরি দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়েছেন, যা উদ্বেগজনক।

তিনি আরও বলেন, অনেক শিক্ষককে রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেওয়া ও স্লোগান দিতে দেখা যায়, যা থেকে সরে আসা প্রয়োজন। শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষকদের মূল দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

শিক্ষার মানোন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, অতীতে অবকাঠামোগত সীমাবদ্ধতা থাকলেও শিক্ষকদের আন্তরিকতা ছিল বেশি। বর্তমানে আধুনিক সুযোগ-সুবিধা থাকলেও সেই নিষ্ঠা অনেক ক্ষেত্রে কমে গেছে, যা পুনরুদ্ধার জরুরি।

এ সময় তিনি পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

স্থানীয় উন্নয়ন কার্যক্রমের বিষয়ে তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে প্রায় ২৪-২৫টি স্কুলের সামনে সেতু নির্মাণ করা হয়েছে। শিক্ষকদের সমস্যা থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে উপস্থাপনের পরামর্শ দেন তিনি।

এছাড়া দুর্গাপুরে চালু থাকা ‘স্কুল ফিডিং’ কর্মসূচি কলমাকান্দায় চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান ডেপুটি স্পিকার।


ইউটি/টিএ

মন্তব্য করুন