সংবিধান সংশোধনের মধ্য দিয়ে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব : আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৬:২৫ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, ‘সংবিধান সংশোধনের মধ্য দিয়ে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। এখানে কোনো ইফস, অ্যান্ড, বাটস নেই। সুতরাং যারা বলছেন গণভোট বাতিল হলে জুলাই সনদ বাতিল হবে, তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।’
শনিবার (৪ এপ্রিল) ঝিনাইদহের শৈলকুপায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘জুলাই সনদ থাকা না থাকার ওপরে গণভোটের ভোট বাতিল হওয়া না হওয়া নির্ভর করে না। জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, স্বকীয় এবং কার্যকরী।’
মানবাধিকার কমিশন আইন, সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় আইন ও গুম কমিশন বাতিল হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘প্রিয় বন্ধুরা, এর কোনোটিই বাতিলের খাতায় নেই, এর সবগুলো হলো পরবর্তীতে যাচাই-বাছাই সাপেক্ষে আমরা আবার ফিরে আসব নতুন বিল নিয়ে, সেই কথাই বলছি।’
জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আইনমন্ত্রী বলেন, ‘আমরা এত দিন সফট লাইনে ছিলাম।
আমরা বলেছি, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি এবং মজুদদারির বিরুদ্ধে সেকশন ২৫-এ যে শাস্তির বিধান করা হয়েছে, প্রয়োজন বোধে সেই শাস্তি আমরা প্রয়োগ করব, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমরা সেই কারণে প্রশাসনকে বলছি আপনারা কঠোর হোন।’
তিনি আরো বলেন, ‘যদি বিএনপির কোনো নেতাকর্মী এর সঙ্গে জড়িত থাকে সবার আগে তাকে গ্রেপ্তার করবেন। যদি বিএনপির কোনো নেতাকর্মী এই অকাম করে তাকে হাতকড়া পরিয়ে কারাগারে নেন।
যদি কেউ তার পক্ষে তদবির করতে আসে তাকেও গ্রেপ্তার করুন। আমরা যেকোনো মূল্যে কালোবাজারি এবং মজুদাদরির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।’
এমআই/টিকে