© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

শেয়ার করুন:
বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৩ এএম | ০৫ এপ্রিল, ২০২৬
চলমান তাপপ্রবাহের মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে সর্বোচ্চ ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে এর মধ্যেও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রির ঘরেই রয়েছে।

এ পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টায়ও তাপপ্রবাহের দাপট অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে তীব্র গরমের মধ্যেই আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, বর্তমানে টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ১০ জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টায়ও অব্যাহত থাকতে পারে। তবে এর মধ্যেই রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) একই সময় পর্যন্ত রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এদিন দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। তবে এই দুই দিনে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

অন্যদিকে বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইভাবে বৃহস্পতিবার (৯ এপ্রিল) একই সময় পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বুধবার তাপমাত্রা সামান্য কমলেও বৃহস্পতিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

গত ২৪ ঘণ্টায় সিলেটে দেশের সর্বোচ্চ ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ফেনীতে ১৮ মিলিমিটার, নীলফামারীর রাজারহাটে ৫ মিলিমিটার এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এ অবস্থায় আগামী বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে ক্রমান্বয়ে তাপমাত্রা আবারও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

টিজে/টিএ 

মন্তব্য করুন