চাকসু নেতার ওপর হামলার প্রধান আসামি আরিফুল ঢাকায় গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০৫:৪২ এএম | ০৫ এপ্রিল, ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহর ওপর হামলার ঘটনায় প্রধান আসামি মো. আরিফুল ইসলামকে (২৩) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান।
পুলিশ জানায়, গত সোমবার (৩০ মার্চ) রাতে হাটহাজারী বাসস্ট্যান্ডসংলগ্ন একটি ফিলিং স্টেশনের পাশে এই হামলার ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জেরে মো. আরিফুল ইসলামের নেতৃত্বে একদল হামলাকারী ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে মাসুম বিল্লাহকে মারধর করে।
গুরুতর অবস্থায় মাসুম বিল্লাহকে প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হামলায় তার মাথা ও চোখে গুরুতর আঘাত লাগে। এ বিষয়ে চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁইয়া জানান, হামলার পর তার চোখে রক্ত জমাট বেঁধেছিল। পরবর্তীতে একটি বিশেষায়িত চক্ষু হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গ্রেফতার আসামিকে চট্টগ্রামে নেয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।
ইউটি/টিএ