© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুদ করে বিক্রি করছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেয়ার করুন:
কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুদ করে বিক্রি করছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৮ এএম | ০৫ এপ্রিল, ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘কৃষি কাজে সবচেয়ে বেশি ডিজেল ব্যবহার হয়, তাই কৃষিখাতে তেলের সরবরাহ করার ক্ষেত্রে আমরা সচেষ্ট আছি। তবে কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুদ করে বিক্রি করছেন।’

শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘যারা দিনে একবার তেল নিতেন, এখন তারাই তেলের পাম্পে গিয়ে পাঁচবার তেল নিচ্ছেন। কারণ তারা ভাবছেন, তেলের সংকট চলছে। কিন্তু তেলের কোনো সংকট নাই।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বিশ্বে একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে, এটা আমাদের সবাইকে বুঝতে হবে। যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়। সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। যে কারণে বাংলাদেশের চারপাশে জ্বালানি তেলেন দাম বৃদ্ধি পেয়েছে। তবে বিএনপি সরকার, জ্বালানি তেলের দাম বাড়ায় নাই।’

তিনি আরও বলেন, ‘কৃষকসহ জনগণ যাতে বিপদের মুখে না পড়েন সেজন্য সরকার সচেষ্ট আছে। তবে আমাদেরও সাশ্রয়ী হতে হবে। যাতে ভবিষ্যতে তেল নিয়ে সমস্যায় পড়তে না হয়।’

নিজ এলাকার উন্নয়নের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আল্লাহর রহমতে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরে প্রধানমন্ত্রী আমাকে একটা দায়িত্ব দিয়েছেন। যে কারণে আমি ঘন ঘন আমার নির্বাচনী এলাকায় আসছি। আজকে আমি সালথা ও নগরকান্দায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিস পরিদর্শন করেছি।’

তিনি আরও বলেন, ‘হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের খোঁজখবর নিয়েছি। বিশেষ করে কারিগারি শিক্ষা নিয়ে আমাদের সরকার কাজ করছে। এগুলো কীভাবে উন্নয়ন করা যায় সেজন্য আমি এসে পরিদর্শন করছি। গত ১৭ বছর ফ্যাসিবাদের সময় স্বাস্থ্য সেবার তেমন কোনো উন্নয়ন হয়নি। ভঙ্গুর অবস্থায় রয়েছে, জনগণ যাতে সঠিক সেবা পায় সে ব্যবস্থা করা হবে।’

এর আগে নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন অফিস ও হাসপাতাল পরিদর্শন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় প্রশাসনের কর্মকর্তাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেএন/টিকে

মন্তব্য করুন