© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিশুদের টিকা নিশ্চিত করতে পারলে আমরা নিরাপদ হবো : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শেয়ার করুন:
শিশুদের টিকা নিশ্চিত করতে পারলে আমরা নিরাপদ হবো : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৪ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, দেশের শিশুদের টিকা নিশ্চিত করতে পারলে আমরা নিরাপদ হবো। আমাদের দেশের শিশুরা সুস্থ ও নিরাপদ থাকবে। আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছি। আশা করি টিকার কোনো রকম ঘাটতি হবে না। টিকাদান কর্মসূচিতে আমাদেরকে বিশ্বের কয়েকটি স্বাস্থ্য সংস্থা সহযোগিতা করছে।

রোববার (৫ এপ্রিল) সকালে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, হাম প্রতিরোধে দ্রুততার সঙ্গে টিকার সরবরাহ নিয়ে আন্তরিকতার সঙ্গে সরকার কাজ করছে, যেখানে ঘাটতি রয়েছে সেখানে দায়িত্ব নিয়ে সেই ঘাটতি পূরণ করা হচ্ছে।

দেশের শিশুরা আগামীর সম্পদ। আমরা কোনো শিশুকে ঝরে পড়তে দেব না ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের এই যাত্রায় মানুষ আমাদের সাহায্য করবে।

তিনি বলেন, গাজীপুরে হাম ও রুবেলা প্রতিরোধে বিভিন্ন টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ২৮ হাজার টিকা প্রদান করা হবে। যা চলবে আগামী ১৫ দিন।

এই কার্যক্রমে জেলার সদর, টঙ্গী, কোনাবাড়ী, কাশিমপুর, কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া, কালিগঞ্জ ও পুবাইলের বিভিন্ন এলাকায় টিকাদান কর্মসূচি চলবে। গাজীপুরসহ ১৮টি জেলার ৩০টি উপজেলায় একযোগে এ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

এদিকে এই কর্মসূচির আওতায় গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে স্থাপন করা হয়েছে অস্থায়ী টিকাদান কেন্দ্র। ইতোমধ্যে অভিভাবকদের মাঝে ব্যাপক সাড়া দেখা গেছে।

এ সময় স্থানীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, জেলা প্রশাসক নুরুল করিম ভুইয়া, সিভিল সার্জন, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এসএন 

মন্তব্য করুন