উপনির্বাচন / বগুড়া ও শেরপুরে ভোটের মাঠে ৪ বিচারক
ছবি: সংগৃহীত
০৬:২৩ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটের মাঠে চারজন বিচারক নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিভিন্ন নির্বাচনি অপরাধের দ্রুত বিচার করতে তাদেরকে নিয়োগ দেওয়া হয়।
রোববার (৫ এপ্রিল) ইসির আইন শাখা থেকে এ তথ্য জানানো হয়। আইন শাখার উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বগুড়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ও মো. কামাল হোসেন এবং শেরপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ মিলন ও মো. হাসান ভূইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা গণপ্রতিনিধিত্ব আদেশ ও দি কোড অব ক্রিমিনাল প্রসিডিউরের ১৯০ সেকশন অনুযায়ী অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে দ্রুত বিচার করবেন। একই সঙ্গে প্রতিবেদন কমিশনের পাঠাবেন। তারা ৭ থেকে ১১ এপ্রিল দায়িত্ব পালন করবেন। এছাড়া দুই আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারকরাও একই পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনা করতে পারবেন। নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মাঠে রয়েছে ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, যারা প্রয়োজন অনুযায়ী কারাদণ্ড ও জরিমানা করতে পারবেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে জয়ী হলেও একসঙ্গে দুটি আসনের সংসদ সদস্য থাকার বিধান না থাকায় তিনি ঢাকা-১৭ আসন রেখে ওই আসনটি ছেড়ে দেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নতুন তফশিল দেয় ইসি।
অপরদিকে নির্বাচনের আগে শেরপুর-৩ আসনের এক বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট স্থগিত করে ইসি। পরবর্তীতে নতুন তফশিল ঘোষণা করা হয়।
এমআই/টিকে