আরেক মামলায় রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের
ছবি: সংগৃহীত
০৯:০৭ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
মিরপুর থানার হত্যা মামলার পর এবার পল্টন থানা বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক ও বরখাস্তকৃত সেনা কর্মকর্তা এক-এগারো সরকারের কুশীলব আফজাল নাছেরকে (৬১) রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার (৫ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই রিমান্ড আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান এ তথ্য জানান।
গত ২৯ মার্চ আফজাল নাছেরকে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর জুলাই আন্দোলনে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহতের মামলায় তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়।
সেই রিমান্ড শেষে আজ (৫ এপ্রিল) তাকে আদালত হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই কফিল উদ্দিন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরপর মকবুল হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের এসআই তোফাজ্জল হোসেন আসামি আফজাল নাছেরকে গ্রেফতার দেখানোসহ ৫ দিনের রিমান্ড চেয়ে যে আবেদন করেন, সেটির শুনানি হয়। প্রথমে আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। এরপর রিমান্ডের বিষয়ে শুনানি হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিপক্ষে শওকত উল্লাহ রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আফজাল নাছেরের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার মজিরখিল এলাকায়। ১৯৮৪ সালের ৪ জুলাই সেনাবাহিনীতে যোগ দেন তিনি। ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত তিনি ডিজিএফআইয়ে দায়িত্ব পালন করেন।
আইকে/টিএ