ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথম কোন বিল পাশ হলো?
ছবি: সংগৃহীত
১১:৪৮ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথম বিল হিসেবে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিনান্সিয়াল করপোরেশন এবং স্বশাসিত প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা আইন, ২০২৬’ পাস হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সংসদে বিলটি উত্থাপন করেন মো. আব্দুল বারী। পরে হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বিলটি পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা অনুমোদন পায়।
নতুন আইনে সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানসহ পাবলিক নন-ফিনান্সিয়াল করপোরেশন এবং স্বশাসিত প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।
বিলে উল্লেখ করা হয়, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দীর্ঘদিনের দাবি ও বাস্তবতা বিবেচনায় ২০২৪ সালের এক অধ্যাদেশের মাধ্যমে বয়সসীমা ২ বছর বাড়িয়ে ৩২ বছর করা হয়। তবে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিধিতে বয়সসীমা ৩৩, ৩৫, ৪০ ও ৪৫ বছর থাকায় জটিলতা তৈরি হয়।
এই অসঙ্গতি দূর করতে ২০২৫ সালে সংশোধনী এনে নতুন অধ্যাদেশ জারি করা হয়, যার ধারাবাহিকতায় বিষয়টি এবার আইনে পরিণত করা হলো।
আইনে বলা হয়েছে, বয়সসীমা বৃদ্ধি করলে চাকরিপ্রার্থীদের সুযোগ বাড়বে, শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বাড়বে।
পাশাপাশি শ্রমবাজার ও অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ইতোমধ্যে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এ সরাসরি নিয়োগের ক্ষেত্রে ৩২ বছর বয়সসীমা নির্ধারণ করে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছে। এ কারণে অধ্যাদেশটিকে আইনে রূপান্তর করা প্রয়োজন হয়ে পড়ে।
টিজে/টিএ