নোয়াখালীতে অনিয়মের কারণে ২ হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত
০২:৪১ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
নোয়াখালীর চাটখিলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা সেবায় শৃঙ্খলা ফেরাতে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এ সময় দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে চাটখিল ইসলামিয়া হাসপাতাল ও চাটখিল ফিজিওথেরাপি সেন্টারে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চাটখিল ইসলামিয়া হাসপাতালে অভিযান চালানোর সময় অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ক্যাথেটার ও স্যালাইন পাওয়া যায়।
পাশাপাশি হাসপাতালের ল্যাবে কোনো মেডিকেল টেকনোলজিস্ট না থাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। এ সময় অপারেশন থিয়েটার সিলগালা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে চাটখিল ফিজিওথেরাপি সেন্টারে অভিযান চালিয়ে এম এ কে আজাদ নামে এক ভুয়া চিকিৎসকের উপস্থিতি শনাক্ত করা হয়। এছাড়া অনুমোদন ছাড়া রোগী ভর্তি করে চিকিৎসাসেবা দেওয়ার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির ওয়ার্ডগুলো সিলগালা করা হয় এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবির নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা ডা. শহিদুল আহমেদ নয়ন, হেলথ ইন্সপেক্টর নুরুল আমিন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা ডা. শহিদুল আহমেদ নয়ন বলেন, স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
এসকে/টিকে