© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদুল আজহায় আসছে দীঘির নতুন সিনেমা ‘বিদায়’

শেয়ার করুন:
ঈদুল আজহায় আসছে দীঘির নতুন সিনেমা ‘বিদায়’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৪ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
ঢালিউডে শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়া প্রার্থনা ফারদিন দীঘি সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে তুলে ধরছেন নায়িকা হিসেবে। একসময় পর্দায় তার উপস্থিতি কমে গেলেও গত বছরের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমার মাধ্যমে আবারও আলোচনায় আসেন তিনি। সে ধারাবাহিকতা ধরে রেখে এবার আসন্ন ঈদুল আজহায় নতুন সিনেমা বিদায় নিয়ে বড় পর্দায় হাজির হতে চলেছেন দীঘি। নতুন গল্প, ভিন্নধর্মী চরিত্র আর অভিনয়ের নতুন চ্যালেঞ্জ সব মিলিয়ে এবারের ঈদে দর্শকের সামনে নিজেকে নতুনভাবে তুলে ধরার প্রস্তুতিতে ব্যস্ত এ চিত্রনায়িকা।

সাম্প্রতিক সময়ের কাজগুলোতেও দেখা যাচ্ছে গল্পনির্ভর সিনেমার দিকে তার ঝোঁক। সে ধারাবাহিকতায় নির্মাতা মেহেদী হাসান পরিচালিত ‘বিদায়’ সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী।

‘বিদায়’ সিনেমাটির একটি বিশেষ দিক হলো, এখানে প্রচলিত অর্থে কোনো একক নায়ক নেই। নির্মাতার ভাষ্য অনুযায়ী, এ সিনেমার আসল নায়ক গল্প নিজেই। মানবিক আবেগ, বাস্তবতার ছোঁয়া এবং জীবনঘনিষ্ঠ কিছু মুহূর্তের সমন্বয়ে তৈরি হয়েছে সিনেমার কাহিনি। সিনেমাটিতে দীঘির পাশাপাশি অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ এবং ফজলুর রহমান বাবু। তাদের মতো অভিজ্ঞ শিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও দীঘির জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

গত বছরের অক্টোবরে সুনামগঞ্জে শুরু হয়েছিল ‘বিদায়’-এর শুটিং। পরিকল্পনা ছিল চলতি বছরের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেওয়ার। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় মুক্তি পিছিয়ে যায়। একই সময়ে নির্মাতা মেহেদী হাসান তার আরেকটি সিনেমা রাক্ষসের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, যা এবারের ঈদে মুক্তি পেয়েছে।



বর্তমানে ‘বিদায়’-এর কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং বাকি রয়েছে। এর মধ্যে মালয়েশিয়ায় একটি অংশের দৃশ্যায়ন এবং একটি গানের কাজ এখনো সম্পন্ন হয়নি। শিগগির নতুন শিডিউল চূড়ান্ত করে বাকি কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী দীঘি। তার ভাষায়, ‘বিদায় এমন একটি গল্প, যা শুধু দেখার জন্য নয়, মনে রাখার মতো। এতে আবেগ ও বাস্তবতার মিশেল আছে। দর্শক হল থেকে বের হওয়ার পরও গল্পটি তাদের ভেতরে রয়ে যাবে বলে আমার বিশ্বাস। পরিবার নিয়ে দেখার মতো একটি কাজ এটি।’

এদিকে ‘বিদায়’-এর পাশাপাশি আরেকটি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন দীঘি। নির্মাতা সুমন ধর পরিচালিত একটি ওয়েব সিনেমার শুটিং এরই মধ্যে শেষ করেছেন তিনি। সেটিও আসন্ন ঈদুল আজহা ঘিরে মুক্তির সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে বলা যায়, আসন্ন ঈদে বড় পর্দা ও ওটিটি দুই মাধ্যমেই দর্শকের সামনে হাজির হতে পারেন দীঘি। নতুন গল্প, ভিন্নধর্মী চরিত্র আর অভিনয়ের নতুন চ্যালেঞ্জ, সব মিলিয়ে এবারের ঈদে তার উপস্থিতি নিয়ে আগ্রহও কম নয়।

পিআর/টিকে


মন্তব্য করুন