দুই দশক পর অক্ষয়-প্রিয়দর্শন জুটি, ট্রেলার ঘিরে উত্তেজনা
ছবি: সংগৃহীত
০৮:২৯ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
বলিউড অভিনেতা অক্ষয় কুমার এবং নির্মাতা প্রিয়দর্শনের ক্ষেত্রে ধ্রুব দীর্ঘ দুই দশক পর এই ব্লকবাস্টার জুটি আবারও ফিরেছেন তাদের চেনা ফরম্যাটে। সম্প্রতি প্রকাশ তাদের বহুপ্রতীক্ষিত সিনেমা ‘ভূত বাংলা’র ট্রেলার। যেখানে রহস্য, রোমাঞ্চ আর হাসির মিশেলে এক গা ছমছমে অভিজ্ঞতার ইঙ্গিত দিয়েছেন তারা।
গত মার্চে ছবিটির প্রথম ঝলক দেখে দর্শকরা দ্বিধায় ছিলেন এটি কি ‘ভুল ভুলাইয়া’র সিক্যুয়েল নাকি নতুন কিছু? ট্রেলার প্রকাশের মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটালেন পরিচালক। ‘ভূত বাংলা’ সম্পূর্ণ স্বতন্ত্র একটি গল্পের আঁধারে তৈরি।
গল্পের প্রেক্ষাপট গড়ে উঠেছে রহস্যময় এক গ্রাম ‘মঙ্গলপুর’কে ঘিরে। যাকে অভিশপ্ত গ্রাম বললেও কম বলা হবে। এই গ্রামে একটি অদ্ভুত নিয়ম বা অভিশাপ প্রচলিত বিয়ের সানাই বাজলেই সেখানে আগমন ঘটে অশুভ শক্তি ‘বধাসুর’-এর। আর সেই অভিশপ্ত গ্রামে বিয়ে মানেই অবধারিত মৃত্যু।
সিনেমায় দেখা যাবে, এক যৌথ পরিবার তাদের বিয়ের অনুষ্ঠানের জন্য ওই গ্রামের এক প্রাচীন রাজপ্রাসাদে আস্তানা গাড়েন। কিন্তু তারা জানতেন না সেখানে কী ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। থাকার শুরু থেকেই অদ্ভূতুড়ে সব ঘটনার শিকার হতে হয় সবাইকে। সেই রহস্য আর আতঙ্ককে ঘিরেই এগিয়েছে সিনেমাটির কাহিনী।

ট্রেলারে সিনেমার আসল ‘ভিলেন’ কে, তা নিয়ে দর্শকদের মধ্যে প্রবল কৌতূহল তৈরি হয়েছে। তবে পরিচালক প্রিয়দর্শন ট্রেলারে অভিনেত্রী তাবু’র চরিত্রের মধ্য দিয়ে অতিপ্রাকৃত এক ছায়া ও রহস্যের ইঙ্গিত দিয়েছেন। অনেকেই ধারণা করছেন, গল্পের মূল রহস্যের চাবিকাঠি থাকতে পারে তাবুর হাতেই।
অক্ষয় কুমারের সঙ্গে আবারও পর্দায় দেখা যাবে কমেডি কিং পরেশ রাওয়াল, রাজপাল যাদব এবং আসরানিকে। তাদের চিরচেনা হাস্যরস সিনেমাটিতে ভিন্ন মাত্রা যোগ করবে। পাশাপাশি অক্ষয়ের সঙ্গে এই ছবিতে রোম্যান্স করবেন ওয়ামিকা গাব্বি। বিশেষ চমক হিসেবে থাকছেন যিশু সেনগুপ্ত ও রাজেশ শর্মা। পরিবারের বয়ঃজ্যেষ্ঠ সদস্যের ভূমিকায় যিশু সেনগুপ্তের উপস্থিতি ট্রেলারে বেশ নজর কেড়েছে।
এসএন