চেহারার জন্য কুমন্তব্যের শিকার হন সোনালি বেন্দ্রে!
ছবি: সংগৃহীত
০৯:০৭ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
নব্বইয়ের দশকে রূপ আর অভিনয় দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া সোনালি বেন্দ্রের সৌন্দর্যের প্রশংসা আজও শোনা যায়। কিন্তু এই প্রশংসার পেছনে লুকিয়ে আছে এমন এক সময়, যখন নিজের চেহারার গড়ন নিয়েই তাঁকে শুনতে হয়েছে তির্যক মন্তব্য।
এক সাক্ষাৎকারে সোনালি জানিয়েছেন, ছোটবেলা থেকে তাঁর শরীরের গড়ন ছিল ছিপছিপে এবং তিনি ছিলেন দীর্ঘাঙ্গী। এখন যেটি তাঁর ব্যক্তিত্বের অন্যতম আকর্ষণ বলে ধরা হয়, সেই বৈশিষ্ট্যই স্কুলজীবনে তাঁকে কটাক্ষের মুখে ফেলেছিল। কেউ তাঁকে ‘জিরাফ’ বলে ডাকতেন, কেউ আবার তুলনা করতেন ‘ল্যাম্পপোস্ট’-এর সঙ্গে। বিশেষ করে তাঁর লম্বা গলা নিয়েই সহপাঠীদের মধ্যে মশকরা চলত বেশি।

সোনালি বলেন, তখন প্রশংসার চেয়ে কটূক্তিই বেশি শুনতে হতো। এখন মানুষ তাঁর গড়নের প্রশংসা করলেও একসময় রোগা হওয়ার কারণে নানা কথা শুনতে হয়েছে। তবে এসব নিয়ে তিনি খুব একটা বিচলিত হননি। বরং বিষয়টিকে মজার অংশ হিসেবেই নিয়েছিলেন।
স্কুলজীবনে সহপাঠীদের কাছে মজার বিষয় হলেও শিক্ষক-শিক্ষিকাদের কাছে ছিলেন বেশ জনপ্রিয়। পরে কলেজে পড়ার সময় মডেলিং দিয়ে নিজের পথচলা শুরু করেন। সেখান থেকেই ধীরে ধীরে অভিনয়ে আসা। প্রথম ছবি ছিল গোবিন্দের বিপরীতে। এরপর একের পর এক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
সময়ের সঙ্গে বদলেছে মানুষের দৃষ্টিভঙ্গি, বদলেছে মন্তব্যের ধরনও। একসময় যে গড়ন নিয়ে ব্যঙ্গ হতো, আজ সেটিই সোনালির ব্যক্তিত্বের অন্যতম পরিচয় হয়ে উঠেছে।
পিআর/এসএন