শুধু মাকে না, আমি বাবাকেও হারিয়ে ফেলি: জাহ্নবী কাপুর
ছবি: সংগৃহীত
০৯:৩০ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
শ্রীদেবীর মৃত্যু যেন এক মুহূর্তে বদলে দিয়েছিল জাহ্নবী কাপুরের জীবন। যে সময় তিনি অভিনয় জগতে নিজের পথচলা শুরু করার প্রস্তুতিতে ছিলেন, ঠিক সেই সময়ই পরিবারে নেমে আসে গভীর শোক। মায়ের অনুপস্থিতি শুধু মানসিক শূন্যতাই তৈরি করেনি, তাঁর কথায় বদলে দিয়েছিল পরিবারের ভেতরের সম্পর্কের রূপও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহ্নবী জানিয়েছেন, সেই ঘটনার পর শুধু মাকেই নয়, যেন বাবাকেও হারিয়ে ফেলেছিলেন তিনি। তাঁর ভাষায়, মা বেঁচে থাকাকালীন বাবা যেমন ছিলেন, সেই মানুষটিকে আর পরে খুঁজে পাননি। একদিনে পরিবারের আবহ, সম্পর্কের ভাষা আর জীবনের ছন্দ সবই যেন অন্যরকম হয়ে যায়।

দীর্ঘ পনেরো বছর দুই মেয়ের জন্য অভিনয় থেকে দূরে ছিলেন শ্রীদেবী। সংসার আর সন্তানদের ঘিরেই ছিল তাঁর সময়। কিন্তু ২০১৮ সালে দুবাইয়ে আত্মীয়ের বিয়েতে গিয়ে হঠাৎ তাঁর মৃত্যু পরিবারের উপর গভীর আঘাত হয়ে আসে। তখন জাহ্নবী অভিনয়ে আত্মপ্রকাশের একেবারে দোরগোড়ায়, আর ছোট বোন তখনও বয়সে অনেকটাই কম।
জাহ্নবী বলেন, এই শোকের পর তিনি যেন খুব দ্রুত বড় হয়ে যেতে বাধ্য হন। জীবনের অনেক বিষয় নতুন করে বুঝতে হয়। এমনকি আজ যদি মা তাঁকে দেখতেন, হয়তো আগের সেই মেয়েটিকে চিনতে পারতেন না বলেও মনে করেন তিনি। তাঁর মতে, সময়ের সঙ্গে মানুষ এতটাই বদলে যায় যে দেখা হলে হয়তো দুজনের ভাবনাতেও অমিল থাকত।
শ্রীদেবীকে ঘিরে পারিবারিক নানা আলোচনা অতীতে বহুবার সামনে এসেছে। তবু জাহ্নবীর স্মৃতিতে মা রয়ে গেছেন এক উদার, প্রাণবন্ত মানুষ হিসেবেই। আর সেই মানুষটির অনুপস্থিতি যে এখনও তাঁর জীবনের সবচেয়ে গভীর শূন্যতা, সেটিই আবার স্পষ্ট হলো তাঁর কথায়।
পিআর/এসএন