রাতে অনিরাপত্তায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ
ছবি: সংগৃহীত
১০:২৪ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রাতের নিরাপত্তা সংকট দেখা দিয়েছে। সন্ধ্যার পর থেকেই ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তার অভাবে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। এ কারণে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা করছেন সচেতন মহল।
১. ‘সন্ধ্যা নামলে বসে মাদকের আসর’
২. ‘ছেলে-মেয়েরা বসে থাকে ঘনিষ্ঠভাবে’
৩. ‘পর্যাপ্ত আলোকসজ্জা ও নিরাপত্তা কর্মী নেই’
সোমবার রাত সাড়ে ৯টার পর দেখা যায়, কলেজের ডিগ্রি শাখার অর্থনীতি ভবনের সামনে মাদকসেবীদের আড্ডা বসেছে। অভিযোগ রয়েছে, সেখানে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের কেনাবেচা হয়। এছাড়াও খেলার মাঠে ও পরীক্ষা ভবনের পেছনেসহ আরো কয়েকজন ভবনের সামনে নিভে আলোতে বসে মাদকের আসর। এদিকে কলেজের ম্যুরাল এবং কলা ভবনের সামনে বহিরাগত তরুণ-তরুণীদের অবাধে মেলামেশা করতে দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানান, রাতে ক্যাম্পাসে আলো স্বল্পতা, ‘নিরাপত্তাকর্মীর অভাব, মাদক সেবীদের আড্ডা এবং বহিরাগতদের অবাধ চলাচলের কারণে অনিরাপদ পরিবেশ সৃষ্টি হচ্ছে। এতে করে ছাত্রীসহ সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে থাকছেন।’
কলেজের একাধিক শিক্ষক সোমবার রাত ১০টার দিকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কলেজের রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। বিশেষ করে পর্যাপ্ত আলোকসজ্জা, নিরাপত্তাকর্মী বৃদ্ধি এবং বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে। তা না হলে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা আশঙ্কা রয়েছে। শুনেছি কলেজে মাদকের আসর ইদানীং মাদকের আসর বসে।’
আবু মুসা। বাড়ি কলেজের পাশে ধর্মপুর এলাকায়। তিনি প্রতিদিনই হাঁটাচলা করেন কলেজে। তরুণ-তরুণীদের অবাধ মেলামেশার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এত বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান হয়েও এত সাধারণ একটি বিষয় কলেজ প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারছে না-এটা কীভাবে সম্ভব? চোখের সামনে এসব দেখলে খারাপ লাগে। এগুলো বন্ধ হওয়া দরকার।'
রাতে লাইটের আলোতে ক্রিকেট খেলতে আসা ফজলে রাব্বি বলেন, ‘সিগারেট ও গাঁজার গন্ধে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। এখানে কোনো নিরাপত্তা নেই। প্রায়ই দেখি মারামারির হয়। এছাড়াও ছেলে-মেয়েদের প্রকাশ্যে ঘনিষ্ঠভাবে বসে থাকে।’
কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান বলেন, ‘অধ্যক্ষের সাথে কথা বলে খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এবং কলেজের নিরাপত্তা নিশ্চিত করতে কলেজ প্রশাসন সবসময় তৎপর রয়েছে।’
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁঞা বলেন, ‘বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। ক্যাম্পাসে পর্যাপ্ত আলোকসজ্জা স্থাপন করা হয়েছে। তবে এত দামী লাইট কীভাবে এতো দ্রুত নষ্ট হয়ে যায়, তা বুঝতে পারছি না। এছাড়াও রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার চেষ্টা চলছে। মাদক দেবীদের আড্ডা ও সেবনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে প্রশাসনের সাথে কথা বলা হবে। এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কেএন/এসএন