পিরোজপুরে জেলের জালে ধরা পড়ল ১৮০টি লাক্ষা মাছ, ৪০ লাখ টাকায় বিক্রি
ছবি: সংগৃহীত
০১:২৮ এএম | ০৭ এপ্রিল, ২০২৬
পিরোজপুরের তিন জেলের জালে ধরা পড়েছে মূল্যবান প্রায় ১৮০টি লাক্ষা মাছ।
সোমবার (৬ এপ্রিল) পিরোজপুরের পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে সকাল থেকে বিকেল পর্যন্ত তিনটি ধাপে মাছগুলো প্রায় ৪০ লাখ টাকায় বিক্রি হয়েছে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞার পর সাগরে গিয়ে এমন বড় চালান পাওয়ায় স্থানীয় জেলেদের মাঝে নতুন করে আশার আলো জেগেছে।
মৎস্য অবতরণ কেন্দ্র সূত্রে জানা যায়, তিনটি আলাদা ফিশিং বোটের মাধ্যমে মাছগুলো ঘাটে নিয়ে আসা হয়। এর মধ্যে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুড়া গ্রামের জেলে আবুল আকনের জালে ৬৬টি, জিয়ানগর উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামের দুলাল ফকিরের জালে ৫০টি এবং একই এলাকার কালাম খানের জালে ৬৩টি লাক্ষা মাছ ধরা পড়ে। ধরা পড়া প্রতিটি লাক্ষা মাছের ওজন ১০ থেকে ২২ কেজির মধ্যে। স্থানীয় মাছ ব্যবসায়ী জাকির প্রধান ক্রেতা হিসেবে নিলামের মাধ্যমে এ মাছগুলো কিনে নেন।
ঘাটে আসা তিনটি ফিশিং বোটের মধ্যে দুটি বোটের মাছ ইতোমধ্যে ২২ লাখ টাকায় বিক্রি সম্পন্ন হয়েছে। অপর বোটটির মাছ আরও ১৩ থেকে ১৫ লাখ টাকায় বিক্রি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ব্যবসায়ীরা জানান, পিরোজপুর থেকে কিনে নেওয়া সামুদ্রিক মাছগুলো মূলত চট্টগ্রাম ও কক্সবাজার ফিশারিঘাটে সরবরাহ করা হবে, কারণ সেখানে লাক্ষা মাছের ব্যাপক চাহিদা রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন মাছ ধরার ওপর অবরোধ থাকায় সমুদ্র উপকূলের জেলেরা বেশ সংকটের মধ্যে দিন পার করছিলেন। অবরোধ শেষে জীবনের ঝুঁকি নিয়ে সাগরে গিয়ে কাঙ্ক্ষিত মাছের দেখা পাওয়ায় মৎস্যজীবী, ট্রলার মালিক এবং ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের মুখে হাসি ফুটেছে। অনেকদিন পর সাগরে এমন মাছের দেখা পেয়ে তারা অত্যন্ত আনন্দিত।
এসএস/টিএ