হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, ৪০ লাখ টাকার জাল ও পলিথিন জব্দ
ছবি: সংগৃহীত
০২:৩০ এএম | ০৭ এপ্রিল, ২০২৬
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৪০ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না দুয়ারী জাল এবং পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় অবৈধ পণ্য মজুদ রাখার দায়ে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ এপ্রিল) রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুপুরে উপজেলার ওসখালী পুরাতন বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ডের সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও উপজেলা মৎস্য অধিদপ্তর যৌথভাবে হাতিয়ার ওসখালী বাজারের দুটি দোকান ও তিনটি গোডাউনে তল্লাশি চালায়। অভিযানে ২৪ হাজার ২০০ মিটার কারেন্ট জাল, ১৫৮টি চায়না দুয়ারী জাল এবং ৪৮০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুই ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়। পরবর্তীতে ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং পলিথিনগুলো মৎস্য অধিদপ্তরের মালখানায় জমা রাখা হয়।
নোয়াখালীর হাতিয়ায় র্কমরত কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, দেশের মৎস্য সম্পদ ও পরিবেশ সুরক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসএস/টিএ