বাইকের তেল বোতলে: খোলা বাজারে চড়া দামে বিক্রি
ছবি: সংগৃহীত
০৩:৪৮ এএম | ০৭ এপ্রিল, ২০২৬
জামালপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অপরাধে দুইজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ এপ্রিল) রাতে পৌর শহরের গেইটপাড় স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন তাদের এই সাজা দেন। সাজাপ্রাপ্তরা হলেন, মো. হাবিব (৪৫) ও নাজমুল হাসান (৩৩)।
জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম দেশের একটি গণমাধ্যমকে বলেন, হাবিব ও নাজমুল শহরের বিভিন্ন পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল নিয়ে সেই তেল মোটরসাইকেল থেকে পাইপের মাধ্যমে বের করে বোতলে মজুত করে রাখেন। পড়ে সেই তেল খোলা বাজারে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। এমন সংবাদ পেয়ে সোমবার রাতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জ্বালানি তেল অবৈধ মজুত করার সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পেট্রোলিয়াম আইনে তাদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন দেশের একটি গণমাধ্যমকে বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর নির্দেশে আজ (সোমবার) রাতে আমরা অভিযান পরিচালনা করে পেট্রোলিয়াম আইনে ওই দুজনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করেছি। কালোবাজারি ও অবৈধ মজুতের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
এমআই/টিএ