ঘোড়ার গাড়িতে করে অধ্যক্ষকে রাজকীয় বিদায়
ছবি: সংগৃহীত
০৭:৩৫ এএম | ০৭ এপ্রিল, ২০২৬
দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মো. হুমায়ুন রেজা কবীরকে ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী আয়োজনে অবসরজনিত বিদায় জানানো হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করেন।
কলেজ শিক্ষক পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. আহসান হাবীব এবং সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের সম্পাদক মো. সাইফুদ্দীন এমরান। অনুষ্ঠান শেষে দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য।
কলেজের সব বিভাগের উদ্যোগে অধ্যক্ষকে ঘোড়ার গাড়িতে করে রাজকীয় বিদায় জানানো হয়। ফুলবাড়ী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে প্রায় ১২ কিলোমিটার পথ অতিক্রম করে তাকে দিনাজপুরের বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামে তার নিজ বাসভবনে পৌঁছে দেওয়া হয়। ১৯৬৭ সালে জন্মগ্রহণ করা অধ্যক্ষের কর্মজীবন প্রায় ২৯ বছরের। তিনি এই কলেজেরই শিক্ষার্থী হিসেবে শিক্ষাজীবন শুরু করেন এবং পরবর্তীতে দীর্ঘ ১৮ বছর শিক্ষকতা করেন।
সর্বশেষ প্রায় এক বছর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ন্যায়নিষ্ঠা, সততা ও মানবিক গুণাবলির জন্য তিনি শিক্ষার্থীদের মধ্যে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। বিশেষ করে গরিব ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তার ভূমিকা প্রশংসনীয়।
বিদায় বক্তব্যে অধ্যক্ষ বলেন, ‘এই কলেজ আমার জীবনের সবচেয়ে বড় পরিচয়। এখানে আমি শিখেছি, বেড়ে উঠেছি এবং সেবা করার সুযোগ পেয়েছি। তোমাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’
সহকর্মী শিক্ষকরা বলেন, তিনিশুধু একজন প্রশাসকই ছিলেন না, তিনি ছিলেন একজন অভিভাবক। নীতির প্রশ্নে আপসহীন এবং মানবিকতায় অনন্য এই মানুষটির বিদায়ে কলেজ পরিবার এক আদর্শ ব্যক্তিত্বকে হারাল।
শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষ তাদের কাছে শুধু একজন শিক্ষক নন, বরং একজন অভিভাবকের মতো ছিলেন। যেকোনো সমস্যায় তার কাছে গেলে কখনো খালি হাতে ফিরতে হয়নি। তাঁর বিদায়ে তাঁরা গভীর শূন্যতা অনুভব করছেন।
বিদায়ি সংবর্ধনা উপলক্ষে শিক্ষক পরিষদের আয়োজনে একটি আলোচনাসভাও অনুষ্ঠিত হয়। সেখানে তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং সহকর্মীরা গভীর আবেগে স্মৃতিচারণা করেন।
টিজে/টিকে