© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি / নারী কর্মী সুমিকে গ্রেপ্তার অন্যায় ও মানবাধিকারের পরিপন্থি : জামায়াত

শেয়ার করুন:
নারী কর্মী সুমিকে গ্রেপ্তার অন্যায় ও মানবাধিকারের পরিপন্থি : জামায়াত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৯ এএম | ০৭ এপ্রিল, ২০২৬
ভোলা পৌরসভার নারী কর্মী সাওদাকে সুমিকে গ্রেপ্তার সম্পূর্ণ অন্যায় ও মানবাধিকারের পরিপন্থি উল্লেখ করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সাওদা সুমিকে গত রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ায় তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। যা সম্পূর্ণ অন্যায়, অমানবিক, নিন্দনীয় এবং মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন।

তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত নাগরিক অধিকার। সরকারবিরোধী মত প্রকাশ করলেই কাউকে গ্রেপ্তার করা স্বাধীন রাষ্ট্রের গণতান্ত্রিক চেতনার পরিপন্থি এবং আইনের শাসনের ওপর সরাসরি আঘাত।
তিনি আরো বলেন, বর্তমান সরকার ক্রমাগতভাবে বিরোধী মত ও রাজনৈতিক প্রতিপক্ষের কণ্ঠরোধ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে। জামায়াতের নারী কর্মী সাওদা সুমির গ্রেপ্তার সরকারের দমনমূলক ও ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ।

মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি স্বাধীন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশ করাকে অপরাধ হিসেবে বিবেচনা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের গ্রেপ্তার দেশের রাজনৈতিক পরিবেশকে আরও অস্থির করে তুলবে এবং জনগণের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করবে।

এছাড়াও তিনি দেশের সচেতন নাগরিক সমাজ, মানবাধিকার সংগঠন, আইনজীবী সমাজ, সাংবাদিক সমাজ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসমূহের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা হরণ ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, প্রতিবাদ জানাতে হবে এবং আন্তর্জাতিক মহলকে এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নারী অধিকার নিয়ে যেসব তথাকথিত প্রগতিবাদী নারী সংগঠন অহর্নিশ মুখে ফেনা তোলেন, তারা এখন নীরব কেন?

তিনি বলেন, দেশের নাগরিকদের ওপর জুলুম-নির্যাতন ও দমনপীড়ন চালিয়ে কোনো সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না। জনগণের অধিকার হরণ করে রাষ্ট্রীয় সন্ত্রাস চালানোর দায় সরকারকেই নিতে হবে।

আমি অবিলম্বে সাওদা সুমির নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে জুলুম-নির্যাতন বন্ধ করে জনগণের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

টিকে/

মন্তব্য করুন