© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কলাকুশলীদের নিরাপত্তার দাবিতে টলিউডের কর্মবিরতি প্রসঙ্গে মুখ খুললেন রাজ

শেয়ার করুন:
কলাকুশলীদের নিরাপত্তার দাবিতে টলিউডের কর্মবিরতি প্রসঙ্গে মুখ খুললেন রাজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০২ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
টলিউডে কলাকুশলীদের নিরাপত্তা ঘিরে যে আলোচনা গত কয়েক দিনে তীব্র হয়েছে, তার কেন্দ্রে রয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অকাল মৃত্যু। তালসারিতে ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যাওয়ার ঘটনার পর থেকেই প্রযোজনা সংস্থার দায়িত্ব, নিরাপত্তা ব্যবস্থা এবং কাজের পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সেই আবহেই মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্তে যায় টলিউডের একাংশ।

এই পরিস্থিতিতে পরিচালক ও প্রযোজক রাজ চক্রবর্তী নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তাঁর বক্তব্য, এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ হয়েছে নির্দিষ্ট নিরাপত্তা কাঠামো মেনেই, তাই “একেবারেই নিরাপত্তা ছিল না” এমন মন্তব্য তিনি মানতে রাজি নন। তাঁর কথায়, একটি দুর্ঘটনা অবশ্যই সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করেছে, কিন্তু তার মানে এই নয় যে আগে কোনও সুরক্ষা ছিল না।

রাজ বলেন, প্রতিটি কাজের আগে অনুমতি নেওয়া হয়, নির্দিষ্ট নিয়ম ও প্রোটোকল মেনেই শুটিং পরিচালিত হয়। বহু বছর ধরে অভিনেতা, অভিনেত্রী, প্রযুক্তিকর্মী সবাই সেই ব্যবস্থার মধ্যেই কাজ করেছেন। তবে সময়ের সঙ্গে যদি আরও উন্নত নিরাপত্তা প্রয়োজন হয়, সেটি অবশ্যই আলোচনার বিষয় হতে পারে।



তাঁর মতে, শুধু নিয়ম থাকলেই যথেষ্ট নয়, যাঁরা কাজ করছেন তাঁদের প্রত্যেকের দায়িত্ব বোঝাও জরুরি। কারণ একটি শুটিং ইউনিটের সঙ্গে অনেক মানুষের নিরাপত্তা জড়িয়ে থাকে। সেই কারণেই ভবিষ্যতে আরও উন্নত ব্যবস্থা নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন বলেও মত দিয়েছেন তিনি।

রাহুলের মৃত্যুর পর টলিপাড়ায় যে শোকের আবহ তৈরি হয়েছে, তার মধ্যেই কলাকুশলীদের একাংশ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। ফলে ইন্ডাস্ট্রির ভেতরে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে নিরাপত্তা নীতি আরও কঠোর করা।

পিআর/টিকে


মন্তব্য করুন