সৌরভকে জড়িয়ে ধরলেন শাহরুখ, ভক্তদের উচ্ছ্বাস
ছবি: সংগৃহীত
০৩:২৯ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
কলকাতায় গত সোমবার মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও পাঞ্জাব কিংস। তবে খেলার চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছে কেকেআরের মালিক, বলিউড কিং শাহরুখ খান ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর একটি ভিডিও। সামাজিক মাধ্যমে কেকেআর এর পেজ থেকে শেয়ার করা সেই ভিডিওতে দেখা যায়, ‘কিং খান’ ও ‘দাদা’ একে অপরকে জড়িয়ে ধরেছেন।
কলকাতা ও পাঞ্জাবের সেই ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও ভক্তদের নজর কেড়েছে এই দুই তারকার আবেগঘন মুহূর্তটি। ভিডিওটির ক্যাপশনে লেখা, যখন রাজার সঙ্গে দেখা হলো বাংলার মহারাজের। ভিডিওটি প্রকাশের পরপরই তা নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।
ভিডিওর নিচে কেকেআর ভক্তরা ভালোবাসায় সিক্ত করেছেন তাদের প্রিয় দুই তারকাকে। একজন মন্তব্য করেছেন, ‘দাদা এবং কিং’। অন্য একজন লিখেছেন, ‘রাজা (শাহরুখ) যদি দাদাকে কোচ বা ডিরেক্টর হিসেবে কেকেআরে ফিরিয়ে আনতেন, তবে ম্যাজিক দেখা যেত।’
মূলত ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসরে কেকেআরের অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলী। পরে ২০০৯ সালে বিরতি দিয়ে ২০১০ সালে আবারও অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন তিনি। দীর্ঘদিন পর এই দুই তারকার এমন মুহূর্ত কেকেআর সমর্থকদের আবেগপ্রবণ করে তুলেছে।

পেশাগত জীবনে শাহরুখ খান চলতি বছরেই বড় পর্দায় ফিরছেন তার পরবর্তী সিনেমা ‘কিং’ নিয়ে। হাই-অ্যাকশন এন্টারটেইনার ঘরানার এই সিনেমাটিতে সুপারস্টার শাহরুখকে একেবারেই নতুন রূপে দেখা যাবে বলে জানা গেছে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় সিনেমাটিতে শাহরুখের স্টাইল ও অ্যাকশন দুইয়েরই দেখা মিলবে।
রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। শাহরুখ খানের পাশাপাশি বিশেষভাবে অভিনয় করছেন কিং খানের মেয়ে সুহানা খান। এছাড়াও আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন। ফার্স্টলুক প্রকাশের পর থেকে সিনেমাটি নিয়ে বিশ্বজুড়ে ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
পিআর/টিকে