© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভয়ঙ্কর শুটিং অভিজ্ঞতার কথা সামনে আনলেন অভিনেত্রী রূপালি

শেয়ার করুন:
ভয়ঙ্কর শুটিং অভিজ্ঞতার কথা সামনে আনলেন অভিনেত্রী  রূপালি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৭ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
শুটিং ফ্লোরে নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার মাঝেই নিজের একাধিক ভয়াবহ অভিজ্ঞতার কথা সামনে আনলেন রূপালি রাই ভট্টাচার্য। তাঁর কথায়, একবার ধারাবাহিকের শুটিং করতে গিয়ে তিস্তা নদী-র প্রবল স্রোতের মধ্যে দীর্ঘ সময় ডুবে থাকতে হয়েছিল, যা আজও আতঙ্ক হয়ে রয়ে গেছে।

রূপালির দাবি, দক্ষিণবঙ্গের একটি আউটডোর শুটে তাঁকে গলা পর্যন্ত জলে ডুবিয়ে বসিয়ে রাখা হয়। ক্যামেরা প্রস্তুত না থাকলেও শটের অপেক্ষায় তাঁকে প্রায় দেড় ঘণ্টা নদীর ঠান্ডা জলে থাকতে হয়। প্রবল স্রোতের মধ্যে একটি পাথর আঁকড়ে ধরে তিনি নিজেকে সামলে রেখেছিলেন। শেষ পর্যন্ত এক সহকারী পরিচালকের সাহায্যে বিপদ কাটে।



অভিনেত্রীর কথায়, পরিস্থিতি এতটাই কঠিন ছিল যে কিছু সময় পরে শরীরের ভারসাম্য ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। সামান্য ভুল হলেই বড় দুর্ঘটনা ঘটতে পারত।

শুধু নদীর শুটিং নয়, কলকাতার ইনডোর সেটেও আরেকবার বিপজ্জনক অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। একটি দৃশ্যে ঝুলিয়ে রাখার পর শুটিং দেরি হলেও তাঁকে নামানো হয়নি। তিনি বারবার অনুরোধ করলেও কেউ গুরুত্ব দেননি বলে অভিযোগ করেন।

আরও একবার ফাইট দৃশ্যের সময় কোমর ও মেরুদণ্ডের কাছে যন্ত্র বসিয়ে ঝুঁকিপূর্ণভাবে পড়ে যাওয়ার শট দিতে হয়েছিল তাঁকে। কিন্তু শট শেষ হওয়ার পরও কেউ ‘কাট’ বলেননি। পরে উঠে দেখেন, পরিচালক ও প্রধান সহকারী অন্যত্র চলে গিয়েছেন।

সম্প্রতি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অকালমৃত্যুর পর টলিউডে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন উঠেছে, সেই প্রেক্ষিতেই নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন রূপালি। তাঁর আশা, এবার অন্তত নিরাপত্তা নিয়ে কার্যকর সমাধান বের হবে।

পিআর/টিকে


মন্তব্য করুন