© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফরিদপুরে নতুন ২৮ হাম রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৫২

শেয়ার করুন:
ফরিদপুরে নতুন ২৮ হাম রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৫২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৩ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে ৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত জেলায় মোট হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫২ জনে। 

চলতি বছরে হাম আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার (৭ এপ্রিল) হামের আপডেট প্রকাশ করেছে ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয়।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন। এছাড়া জেলার বোয়ালমারী উপজেলায় ১০ জন, মধুখালী উপজেলায় ২ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে ২ জন। অন্য উপজেলাগুলোতে নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি।

এদিকে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ৭৫ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৩৪ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ফরিদপুর সদর উপজেলায় ৫ জন এবং চরভদ্রাসন উপজেলায় ২ জন আক্রান্ত হয়েছেন।  

হাসপাতালভিত্তিক ভর্তি সংক্রান্ত তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ২ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। দুই হাসপাতাল মিলিয়ে বর্তমানে মোট ৪২ জন রোগী ভর্তি রয়েছেন। 

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। সচেতনতা বৃদ্ধি ও উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

কেএন/এসএন

মন্তব্য করুন