ফ্লোরিডায় গুলিবিদ্ধ আলোচিত মার্কিন র্যাপার অফসেট
ছবি: সংগৃহীত
০৯:১৭ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে গুলিবিদ্ধ হয়েছেন জনপ্রিয় মার্কিন র্যাপার অফসেট। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে প্রতিনিধিরা।
মার্কিন গণমাধ্যম ভ্যারাইটিকে দেওয়া এক বিবৃতিতে অফসেটের মুখপাত্র বলেন, ‘আমরা নিশ্চিত করছি, অফসেট গুলিবিদ্ধ হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।তিনি স্থিতিশীল আছেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায় ফ্লোরিডার একটি ভ্যালেট এলাকায়, একটি ক্যাসিনোর কাছাকাছি। তবে ঠিক কী পরিস্থিতিতে এই হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।স্থানীয় সেমিনোল পুলিশ ডিপার্টমেন্ট জানায়, সন্ধ্যা ৭টার পর হোটেলের বাইরে একজন ব্যক্তি গুলিবিদ্ধ হন।
তাঁকে দ্রুত মেমোরিয়াল রিজিওনাল হাসপাতালে নেওয়া হয়। তাঁর আঘাত গুরুতর নয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং দুজনকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।৩৪ বছর বয়সী র্যাপার অফসেটের আসল নাম কিয়ারি সিফাস।
তিনি জনপ্রিয় হিপহপ দল মিগোসের সদস্য হিসেবে পরিচিতি পান। কোয়াভো ও টেকঅফের সঙ্গে গড়ে ওঠা এই দলটি ‘ব্যাড অ্যান্ড বুজি’ গান ও ‘কালচার’ অ্যালবামের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়।
২০১৯ সালে ‘ফাদার অব ৪’ অ্যালবামের মাধ্যমে একক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন অফসেট। এর পরও একাধিক গান ও অ্যালবাম প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, ২০২২ সালে তার সহশিল্পী ও চাচাতো ভাই টেকঅফ যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে গুলিতে নিহত হন।সেই ঘটনার শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি বলে এক সাক্ষাৎকারে জানান অফসেট।
এসএ/এসএন