পরিবেশমন্ত্রীর সঙ্গে জার্মান প্রতিনিধিদলের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
০৯:২৫ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
জার্মান সংসদ (Bundestag)-এর পরিবেশ কমিটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জসমূহ কার্যকরভাবে মোকাবেলার লক্ষ্যে বাংলাদেশের গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নে জার্মানির কারিগরি ও আর্থিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ সময় দুই দেশের মধ্যে পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘদিনের ভিত্তিতে দৃঢ়, বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা এবং পরিবেশগত অংশীদারিকে আরো শক্তিশালী করা হবে বলে জানান তারা।
এ ছাড়া ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, গবেষণা ও জ্ঞান বিনিময়, সার্কুলার অর্থনীতি, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, পানি পুনঃব্যবহার (Water Recycling) এবং সর্বোপরি Environmental Governance অর্জনের লক্ষ্যে সহযোগিতা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জ্বালানি দক্ষতা ও গ্রিন কুলিং, কার্বন নিঃসরণ হ্রাস, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব শিল্পায়নেও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জার্মানি জিআইজেড (GIZ) এবং কেএফডব্লিউ (KfW) ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে, যা দেশের জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন এবং Environmental Governance জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরো জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে জলবায়ু ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় জার্মানির সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
বৈঠকে “বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (BCDP)” কার্যকর বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে জলবায়ু অর্থায়ন আহরণ, নীতিগত সংস্কার ত্বরান্বিতকরণ, উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়ন এবং জ্ঞান বিনিময় সহজতর করার ক্ষেত্রে জার্মান সরকারের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি, কার্বন মার্কেট থেকে কার্বন ক্রেডিট অর্জনের ক্ষেত্রেও জার্মানির সহায়তা প্রত্যাশা করা হয়। এ সময় জার্মান প্রতিনিধিদল বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে তাদের অব্যাহত সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন), অতিরিক্ত সচিব (উন্নয়ন) এবং বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত Dr. Rüdiger Lotz সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
কেএন/এসএন