সেই প্রযোজনা সংস্থাকে ‘নিষিদ্ধ’ ঘোষণা, কর্মবিরতি তুলে শুটিংয়ে ফিরছেন শিল্পীরা
ছবি: সংগৃহীত
০৯:৪৯ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
গেল ২৯ মার্চ দীঘা সংলগ্ন তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং চলাকালীনই পানিতে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যাযয়ের। মৃত্যুর কয়েক সপ্তাহ পেরিয়েছে, কিন্তু কীভাবে এমন দুর্ঘটনা ঘটলো, তা এখনও অনিশ্চিত।
রাহুলের মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নেমে আসেন অভিনেতার সহকর্মীরা। এ প্রেক্ষাপটে, মঙ্গলবার (৭ এপ্রিল ) থেকে টলিপাড়ার স্টুডিওপাড়ায় সব শিল্পী সংস্থা একত্রিত হয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছিলেন।
ম্যারাথন মিটিং শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব। এসময় প্রসেনজিৎ বলেন, “আগামীকাল থেকে কোনও কর্মবিরতি থাকছে না। সিনেমা ও ধারাবাহিকের কাজ আবার স্বাভাবিকভাবে চলবে। তবে ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার সঙ্গে কোনও শিল্পী কাজ করবেন না।
রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ না হওয়া পর্যন্ত এবং তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা ওই সংস্থার সঙ্গে কোনও সম্পর্ক রাখছি না। আমরা জানতে চাই, সেই শুটিং সেটে ঠিক কী ঘটেছিল।”
প্রসেনজিৎ আরো বলেন, “রাহুল আমাদের পুরো ইন্ডাস্ট্রিকে একত্রিত করে গিয়েছে। কোনও ফেডারেশন বা আর্টিস্ট ফোরামের মধ্যে নয়, আমরা সবাই একটাই পরিবার।
আমাদের এই পরিবার রাহুলকে হারিয়েছে। ওঁর মৃত্যুর প্রকৃত কারণ জানতে হবে এবং সেই তদন্তে অবশ্যই প্রিয়াঙ্কার সম্মতিও থাকতে হবে।”
এই ঘোষণার মাধ্যমে টলিপাড়ার শিল্পীরা স্পষ্ট করে দিয়েছেন, যতদিন না সত্য প্রকাশ পায়, ততদিন কোনও শিল্পী ‘ম্যাজিক মোমেন্টস’-এর সঙ্গে কাজ করবে না।
এছাড়াও এসময় সাংসদ ও অভিনেতা দেব কথা বলেন ইন্ডাস্ট্রিতে ব্যান হয়ে থাকা শিল্পীদের প্রসঙ্গে। এসময় তিনি বলেন, রাহুল চলে গেছেন কিন্তু যারা ব্যান হয়ে আছেন, যারা কাজ করতে পারছেন না তাদের অবস্থাও অনেকটা এরকমই।
তাই আগামী ৭২ ঘণ্টার মধ্যে তারাও কাজে ফিরবেন। এই বিষয়টা বুম্বা-দা দেখবেন, কীভাবে কী করা যায়।
এসএন