দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল সচল
ছবি: সংগৃহীত
১০:৩৫ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
দেশের গুরুত্বপূর্ণ নদীপথ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বৈরী আবহাওয়া ও ঝড়ো বাতাসের কারণে প্রায় এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার সচল হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টা থেকে আবারও স্বাভাবিক হয়েছে পারাপার কার্যক্রম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া ও নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হলে দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন কর্তৃপক্ষ সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
এতে করে দৌলতদিয়া ঘাট প্রান্তে অন্তত চারটি ফেরি যাত্রী ও যানবাহনসহ লোড অবস্থায় আটকে পড়ে, সৃষ্টি হয় সাময়িক ভোগান্তি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে রাত ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এ নৌরুটে ১০টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে বলে জানিয়েছেন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক, নুর আহমেদ ভুইয়া বলেন, প্রচণ্ড ঝড়ো বাতাসের কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও চালু করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৭টা ১০ মিনিট থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএর ট্রাফিক সুপারভাইজার, মো. শিমুল ইসলাম জানান, দুর্ঘটনা এড়াতে আপাতত লঞ্চ চলাচল স্থগিত রাখা হয়েছে এবং আবহাওয়া অনুকূলে এলে পুনরায় চালু করা হবে।
এই নৌরুট দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ হওয়ায় স্বল্প সময়ের এই বন্ধেও যাত্রী ও পরিবহন চালকদের মধ্যে কিছুটা ভোগান্তি দেখা দেয়। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরে এসেছে ঘাটে।
কেএন/এসএন