লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ছবি: সংগৃহীত
১০:৫১ এএম | ০৮ এপ্রিল, ২০২৬
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বুধবার ভোরে সীমান্তের ৮৭৪ নম্বর মেইন পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহত আলী হোসেন ওই উপজেলার ধবলগুড়ি (পূর্ব পানিয়ারটারী) এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে আলী হোসেনসহ কয়েকজন বাংলাদেশি গরু পারাপারের উদ্দেশ্যে ধবলগুড়ি সীমান্ত দিয়ে ভারতের ৮৭৪/৫-এস নম্বর পিলারের সংলগ্ন এলাকায় প্রবেশ করেন।
এ সময় বিএসএফের ১৫৬ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে অন্যরা কোনোমতে পালিয়ে আসতে সক্ষম হলেও আলী হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতের মাথাভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানিয়েছেন, তিনি বিষয়টি শুনেছেন এবং নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ইতোমধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
এমআই/এসএন