© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চার দশকের বন্ধুত্বে অক্ষয়কে নিয়ে কোন স্মৃতিচারণ করলেন অভিনেত্রী টাবু

শেয়ার করুন:
চার দশকের বন্ধুত্বে অক্ষয়কে নিয়ে কোন স্মৃতিচারণ করলেন অভিনেত্রী টাবু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০১ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
প্রায় চার দশকের বন্ধুত্ব, মাঝখানে বহু বছর একসঙ্গে কাজ না করা, তবু সম্পর্কের উষ্ণতায় কোনও ভাটা পড়েনি টাবু সম্প্রতি এমনই স্মৃতিচারণ করলেন অক্ষয় কুমারকে নিয়ে। আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে তাঁদের নতুন ছবি ‘ভূত বাংলা’, আর সেই ছবির প্রচারেই পুরনো দিনের বহু গল্প সামনে আনলেন অভিনেত্রী।

টাবুর কথায়, অক্ষয়ের সঙ্গে তাঁর পরিচয় আজকের নয়, প্রায় ঊনচল্লিশ বছরের। অভিনয়ের আগের সময় থেকেই তাঁদের বন্ধুত্ব। সেই সময় দু’জনেই একই জায়গায় নাচ শিখতেন। প্রতিদিন নিয়ম করে বাইক নিয়ে টাবুর বাড়িতে হাজির হতেন অক্ষয়, তারপর একসঙ্গে যেতেন নাচের ক্লাসে। টাবুর ভাষায়, বাধ্য ছেলের মতো ঠিক সময়ে এসে দাঁড়াতেন তিনি।



অভিনেত্রীর দাবি, এত বছর পেরিয়ে গেলেও অক্ষয়ের স্বভাব প্রায় বদলায়নি। এখনও ভোর চারটায় ঘুম থেকে ওঠেন, পাঁচটার মধ্যে শরীরচর্চা শুরু করেন, আর আশপাশের মানুষকেও নিয়ম মেনে চলার পরামর্শ দেন। কী খাওয়া উচিত, কী নয় সে নিয়েও আগের মতোই সতর্ক করেন সবাইকে। টাবুর চোখে, অক্ষয় বরাবরই নিয়মের গণ্ডিতে থাকা মানুষ।

দু’জনকে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘তু চোর ম্যায় সিপাহী’ ছবিতে। পরে ২০০০ সালে প্রিয়দর্শন পরিচালিত হেরাফেরি-তেও ছিলেন দু’জন, যদিও সেখানে টাবুর জুটি ছিল সুনীল শেঠির সঙ্গে।

এবার আবারও প্রিয়দর্শনের পরিচালনায় একই ছবিতে ফিরছেন তব্বু ও অক্ষয়। দীর্ঘ ব্যবধানের পর এই পুনর্মিলন যেন পুরনো বন্ধুত্বের স্মৃতিকেই আরও উজ্জ্বল করে তুলেছে। শুটিংয়ের ফাঁকেও নাকি সেই পুরনো বোঝাপড়া সহজেই ফিরে এসেছে।

টাবুর স্মৃতিতে অক্ষয় শুধু সহঅভিনেতা নন, বরং এমন এক বন্ধু, যিনি সময়, অভ্যাস আর শৃঙ্খলায় এখনও আগের মতোই অটুট। আর সেই কারণেই বহু বছরের সম্পর্কেও কোনও দূরত্ব তৈরি হয়নি।

পিআর/টিএ

মন্তব্য করুন