আমদানি-রপ্তানি কার্যক্রম ডিজিটাইলেজশন করার উদ্যোগ নেয়া হয়েছে: এনবিআর চেয়ারম্যান
ছবি: সংগৃহীত
০৫:৫৪ এএম | ০৯ এপ্রিল, ২০২৬
দেশকে ভালো ভাবে পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন, তার সংস্থান যথাযথভাবে করতে রাজস্ব ব্যবস্থায় নিয়ম-নীতির পরিবেশ আনতে হবে বলে মন্তব্য করেছেন অভ্যন্তণীর সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
বুধবার (৮ এপ্রিল) রাতে চট্টগ্রাম ক্লাব এ চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সঙ্গে প্রাক-বাজেট মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় এনবিআর চেয়ারম্যান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে রাজস্ব আহরণ বৃদ্ধি করতে হবে। এছাড়া অভ্যন্তরীণ কর ব্যবস্থা সুসংহত করতে হবে। আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোপুরি ডিজিটাইলেজশন করার উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, আমদানি পণ্যের কমার্শিয়াল ইনভয়েস অনলাইনে যাচাই করার ব্যবস্থা নেয়া হয়েছে, পর্যায়ক্রমে প্যাকিং লিস্টও অনলাইন করা হবে। তাহলে পেপারলেস কাস্টমস পুরোপুরি বাস্তবায়ন হবে।
এসময় চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলমের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক শফিউল আজম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শওকত আলী।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মুহাম্মদ মুবিনুল কবীর, কাস্টমস হাউস, আইসিডি চট্টগ্রাম এর কমিশনার আবুল বাসার মো: শফিকুর রহমান, কাস্টমস হাউস চট্টগ্রামের কমিশনার মো. শফি উদ্দিনসহ এনবিআর ও কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এসোসিয়েশনের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।
এসকে/টিএ