৫১ হাজার টন জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে ভিড়েছে দুই জাহাজ
ছবি: সংগৃহীত
০৭:৫৪ এএম | ০৯ এপ্রিল, ২০২৬
মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন ও ২৫ হাজার টন ফার্নেস অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে দুটি জ্বালানিবাহী জাহাজ। জাহাজ দুটি হলো এমটি সেন্ট্রাল স্টার ও এমটি ইস্টার্ন কুইন্স।
বুধবার (৮ এপ্রিল) রাতে জাহাজ দুটি এসে বহির্নোঙরে পৌঁছায়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে পতেঙ্গার ডলফিন জেটিতে জ্বালানি খালাসের উদ্দেশ্যে জাহাজ দুটির বার্থিং করার কথা রয়েছে।
জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার মো. নজরুল ইসলাম জানান, মালয়েশিয়া থেকে আসা অয়েল ট্যাংকার দুটি ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরের আউটারে নিরাপদে অবস্থান
করছে এবং পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার সকালেই এর বার্থিং কার্যক্রম শুরু হবে।
দেশে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে নিয়মিতই জাহাজ বন্দরে আসছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত মার্চ মাসেই জ্বালানি নিয়ে মোট ৩৩টি জাহাজ বন্দরে ভিড়েছে। এর মধ্যে ১৫টি জাহাজে ছিল বিভিন্ন ধরনের জ্বালানি তেল, ৮টিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং ৯টি জাহাজে করে আনা হয়েছিল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)।
টিজে/এসএন